আফগানিস্তানের বৃহস্পতি তুঙ্গেই

- শারজায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছে আফগানরা
- ক্রিকেটে দারুণ সময় কাটাচ্ছে আফগানিস্তান
- জুনে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট খেলবে তারা
- নিউজিল্যান্ডে যুব বিশ্বকাপে সেমিতে খেলেছে আফগান যুবারা
- আইপিএলে ৯ কোটি রুপিতে বিক্রি হয়েছেন লেগ স্পিনার রশিদ খান
বৃহস্পতি এখন তুঙ্গেই আফগান ক্রিকেটে। সময়টা দারুণ কাটছে। অনূর্ধ্ব-১৯ দল যুব বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে, আইপিএলে কোটি টাকার চুক্তিতে দলভুক্ত হচ্ছেন তাদের ক্রিকেটাররা। টেস্ট মর্যাদা পেয়ে এখন দেশটির ক্রিকেটাররা অধীর জুনে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের জন্য। এরই মধ্যে শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও দুর্দান্তই করল আফগানরা। জিম্বাবুয়ের বিপক্ষে জয়টা এসেছে ৫ উইকেটে।
টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতে একটু বিভ্রান্তির মধ্যেই ছিলেন আফগান অধিনায়ক আসগর স্টানিকজাই। হ্যামিল্টন মাসাকাদজা ও সলোমন মায়ারের ৫২ রানের ওপেনিং জুটি জিম্বাবুয়েকে বড় সংগ্রহেরই ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু আফগান বোলাররা নিজেদের গুছিয়ে নিয়ে খেলায় ফিরলেন। জিম্বাবুয়েও উইকেট হারাতে শুরু করল নিয়মিত বিরতিতেই। কিছুদিন আগে আইপিএলে ৯ কোটি রুপিতে সানরাইজার্স হায়দরাবাদে রয়ে যাওয়া লেগ স্পিনার রশিদ খান তো রীতিমতো তাঁর ‘ধনী হয়ে ওঠা উদ্যাপন করলেন—৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ৫২ রানে যেখানে জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভেঙেছে, সেখানে কিছুক্ষণের মধ্যেই তাদের স্কোরবোর্ডের চেহারা—৭৬/৫। রশিদ ছাড়াও বাঁ হাতি স্পিনার সরফুদ্দিন আশরাফ ৪ ওভারে ৩১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। এ ছাড়া আফতাব আলম, গুলবদন নইব ও মোহাম্মদ নবী নিয়েছেন একটি করে উইকেট। জিম্বাবুয়ের সেরা ব্যাটসম্যান সলোমন মায়ার ২১ বলে ৩৪ (৫ বাউন্ডারি ও ১ ছক্কা) রান করেন। পাশাপাশি হ্যামিল্টন মাসাকদজা করেন ১৮ আর ম্যালকম ওয়ালার ২৬ বলে ২৭।
২০ ওভারে ১২১ রানের ‘সহজ’ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। ১৫ রানে প্রথম উইকেট পড়ার পর ৫১ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়লেও পরিস্থিতি সামাল দেন নবী। তিনি ২৭ বলে ৪০ রান করেন ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কায়। ওপেনার মোহাম্মদ শাহজাদ ১১ বল টিকলেও ২০ রান করে দিয়ে যান। এ ছাড়া সরফুদ্দিন ১৮ ও শফিকউল্লাহ ১৪ রান করে আফগানিস্তানকে জয়ের পথে নিয়ে যান। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ২৪ রানে ২ উইকেট নেন। ১টি করে উইকেট পেয়েছেন কাইল জার্ভিস ও রায়ান বার্ল। অধিনায়ক গ্রায়েম ক্রেমার ২ ওভার বল করে দেন ১৮ রান।