আফগানিস্তানের সিরিজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিজ জয়ের উৎসবটা দুবার করলেন গুলবদিন নাইব। প্রথমবার জয়ের সমীকরণে ভুল করে এক বল আগেই। আফগানিস্তান ব্যাটসম্যানকে অবশ্য দোষ দেওয়া যায় না। স্নায়ুক্ষয়ী ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলে যেভাবে দলকে জেতালেন, উত্তেজনায় ভুল হতেই পারে। নাইবের ৬৮ বলের ৩ চার ও ৬ ছক্কার ইনিংসেই কাল শারজায় শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২ বল ও ২ উইকেট হাতে রেখেই হারিয়েছে আফগানিস্তান। পাঁচ ম্যাচের সিরিজের ফল আফগানদের অনুকূলে ৩-২।
২৪৯ রানের লক্ষ্য, ১২১ রানেই নেই ৫ উইকেট। নাইব উইকেটে আসেন তখনই। ষষ্ঠ উইকেট পড়ল ১৪৬ রানে। এরপর রশিদ খানকে নিয়ে ৮৫ রানের জুটি নাইবের। ৩ বলের মধ্যে ২ উইকেটের পতনে ম্যাচে আবার উত্তেজনা। শেষ ওভারে ১০ রান দরকার ছিল আফগানদের।
এর আগে জিম্বাবুয়ের ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন হ্যামিল্টন মাসাকাদজা (১১০)। জিম্বাবুয়েকে এই নিয়ে টানা দুটি সিরিজে হারাল আফগানিস্তান। এবার সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেছিল আফগানিস্তান, পরের দুই ম্যাচ জিম্বাবুয়ে। নিও স্পোর্টস।