আফসোস নেই মুমিনুলের

ফোনটা যখন রিসিভ করলেন, মুমিনুল হক তখন বগুড়ার নাজ গার্ডেন হোটেলে। আজ বাদে কাল ম্যাচ। ভাবনাজুড়ে সেটাই। অনেক রান করতে হবে। সামনে প্রচুর খেলা। সেগুলোর প্রস্তুতির জন্য এর চেয়ে আদর্শ সুযোগ আর হয় না।
জিম্বাবুয়ে সিরিজের ১৪ সদস্যের দলসহ বাংলাদেশের ক্রিকেটের ২৪ খেলোয়াড় এখন খুলনায়। ঢাকায় অবশ্য তালিকাটা ২৭ জনের ছিল। কিন্তু চোটে পড়ে শেষ পর্যন্ত যাওয়া হয়নি জহুরুল ইসলামের। তার জায়গায় গেছেন কামরুল ইসলাম রাব্বী। এ ছাড়া বিসিএল খেলতে শফিউল ইসলাম আর আবুল হাসানও যোগ দেননি খুলনার ক্যাম্পে।
যেতে পারেননি মুমিনুলও। জাতীয় দলের কোচ, নির্বাচকেরা তাঁকে ওয়ানডেরই ব্যাটসম্যান মনে করেন না, টি-টোয়েন্টি তো আরও দূরের। তাঁদের চোখে তিনি শুধু টেস্ট ক্রিকেটার। তাই জায়গা হয়নি ২৭ জনের তালিকাতেও। মুমিনুলের মনোজগতে এখন তাই কেবল বিসিএল। কাল থেকে বগুড়া ও রাজশাহীতে শুরু হচ্ছে চার দিনের ম্যাচের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেটের এই আসর।
১৫ জানুয়ারি থেকে শুরু জিম্বাবুয়ে সিরিজের সব ম্যাচ খুলনায়। ঢাকা থেকে সেখানে গিয়ে প্রস্তুতির এটা একটা কারণ। এ ছাড়া সামনে টি-টোয়েন্টি ক্রিকেটের বড় দুটি টুর্নামেন্ট। কোচ-নির্বাচকেরা তাই চেয়েছেন এক সঙ্গে অনেক খেলোয়াড়কে ২০ ওভারের ক্রিকেটের অনুশীলনে রাখতে। সংখ্যাটা যতই হোক, সেখানে মুমিনুলের না থাকা অনুমেয়ই। তবে তিনি জানেন, এই যে জাতীয় দলের পরিধির বাইরে অবস্থান, অন্য সবাই টি-টোয়েন্টির সমুদ্রে গা ভাসানোর প্রস্তুতিতে ব্যস্ত হলেও তাঁর তীরেরও বহু দূরে দাঁড়িয়ে থাকা—এ রকম পরিস্থিতি খুব বেশি দিন থাকবে না।
‘এই ক্যাম্প, এই টি-টোয়েন্টি হয়তো এক-দুই-তিন মাস হবে। কিন্তু আমি তো আর তিন মাস ক্রিকেট খেলতে আসিনি! আমি ক্রিকেট খেলব সারা জীবন। কাজেই এটা কোনো সমস্যা নয়। আমিও আবার সেখানে ফিরব’—মুঠোফোনে বগুড়া থেকে বলছিলেন মুমিনুল।
খুলনায় টি-টোয়েন্টির অনুশীলন ক্যাম্পে যেতে না পারায় আফসোস নেই তাঁর। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে প্রায় এক বছরের বিরতিতে তিনিও যেন ধরে নিয়েছেন, ওটা তাঁর খেলা নয়। তাঁর খেলা টেস্ট, এই মুহূর্তে সব প্রস্তুতি সেটার জন্যই, ‘জিম্বাবুয়ে সিরিজ, এশিয়া কাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপ—এসব নিয়ে আমি ভাবছিও না। আমি চিন্তা করছি এ বছর আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে। অন্যরা কে কী ভাববে জানি না, আমার চোখে বিসিএল সেসব টেস্টের জন্য নিজেকে প্রস্তুত করার বড় একটা সুযোগ।’
টুর্নামেন্টের সর্বোচ্চ রান, ৩-৪টা সেঞ্চুরি করতে হবে; এ রকম নির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকলেও বিসিএলের প্রতিটা ইনিংসই বড় করার ইচ্ছা ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের এই বাঁহাতি ব্যাটসম্যানের। ইচ্ছাটা পূরণ হলে এই টুর্নামেন্টেই প্রথম শ্রেণির ক্রিকেটে চার হাজার রানের মালিক হয়ে যেতে পারেন মুমিনুল।
টি-টোয়েন্টি ক্রিকেটকে কি তাহলে অবচেতনে বিদায়ই বলে দিচ্ছেন তিনি? একদমই তা নয়। মুমিনুলের বরং বিশ্বাস, নিয়মিত সুযোগ পেলে তিন ধরনের ক্রিকেটই সামর্থ্যের প্রমাণ দিতে পারবেন।
সেরকম সুযোগ কবে আসবে কে জানে!