আফসোস হওয়ারই কথা!
সাকিব সাকিবের মতো খেলেননি। আগের দিনের বিকেলের মতো কাল সকালেও পরিস্থিতির দাবি অনুযায়ী অসম্ভব সাবধানী। কিন্তু ভাগ্য ছিল তাঁর বিপক্ষে। অফ স্টাম্পের বাইরে উইকেটের ক্ষত থেকে রবীন্দ্র জাদেজার বলটা এমন লাফাল যে সাকিবের কিছুই করার থাকল না। গ্লাভসে ছোবল দিয়ে বল শর্ট লেগের হাতে।
সাকিব সাকিবের মতো খেলেননি। কিন্তু মুশফিকুর রহিম যে সাকিবের মতো খেললেন! হাতে ৭ উইকেট নিয়ে শেষ দিনের ৯০ ওভার পার করে দেওয়ার প্রায় অসম্ভবকে সম্ভব করতে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা ছিলেন মুশফিক। আর যা-ই করুন, তিনি অন্তত উইকেট বিলিয়ে দিয়ে আসবেন না। সেই প্রত্যাশাকে কীভাবেই না বুড়ো আঙুল দেখালেন বাংলাদেশ অধিনায়ক!
অশ্বিনের বলে বাইরে বেরিয়ে মারতে গিয়ে ওয়াইডিশ মিড অফে ক্যাচ। এই শট খেলতে প্রলুব্ধ করার জন্যই যে ফিল্ডারটাকে এত ওপরে রাখা হয়েছে, এটা না বোঝার মতো বোকামি তিনি কীভাবে করতে পারলেন, তা এক রহস্য বটে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দাবি করলেন, ওই শট খেলার চিন্তাটা ঠিকই ছিল। শুধু সেটির প্রয়োগটা ঠিকমতো হয়নি। এখন মনে হচ্ছে, তাঁকে পাল্টা প্রশ্ন করা উচিত ছিল। ওই শটটা খেলে তিনি আসলে কী অর্জন করতে চেয়েছিলেন? তাঁর দাবি, ফিল্ডারটাকে ওখান থেকে সরাতেই নাকি ওভার দ্য টপ মারতে গিয়েছিলেন। চতুর্থ দিন বিরাট কোহলি দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেওয়ার সময়ই ম্যাচের সম্ভাব্য ফল থেকে বাংলাদেশের জয় মুছে গিয়েছিল। মিড অফের মাথার ওপর দিয়ে একটা শট মারলেই কোহলি কেন ফিল্ডারকে লং অফে সরিয়ে নেবেন, সেটি ঠিক বোধগম্য নয়। তা ছাড়া ক্লোজ ইন ফিল্ডাররা না হয় মনস্তাত্ত্বিক চাপ বা ডিফেন্সিভ খেলতেও অস্বস্তি তৈরি করেন, মিড অনে ফিল্ডার থাকলেই কী বা না থাকলেই বা কী!
ব্যাটসম্যান মুশফিকের চিন্তাভাবনা যেমন পরিষ্কার, তাতে একটু চিন্তা করলে নিজের যুক্তির অসারতা নিজেরই বুঝতে পারার কথা। কে জানে, হয়তো মুখরক্ষার জন্যই অমন যুক্তি দিয়েছেন।
মুশফিকের মস্তিষ্ক হঠাৎ অমন বিস্ফোরিত না হলে কী হতে পারত, সেটি নিয়ে শুধু জল্পনাই করা যায়। অধিনায়ক আত্মহত্যা করার পরও বাংলাদেশ আরও ৪৭.৫ ওভার খেলেছে, এই তথ্যটা মুশফিকের মনে আফসোস না জাগালে বুঝতে হবে, নিজের ভুল স্বীকার করার ঔদার্য তাঁর নেই!
সাকিবের দুর্ভাগ্যজনক বিদায়ের পর আশা যা ছিল, তা মাহমুদউল্লাহ ও মুশফিকের জুটিটি ঘিরেই। মুশফিক চলে যাওয়ার পরই আসলে এই ম্যাচ শেষ। এরপরও যে বাংলাদেশ চা-বিরতি পর্যন্ত ম্যাচটা টেনে নিয়ে গেল, সেটিকেই মনে হচ্ছে অনেক পাওয়া!
জয়ের প্রশ্ন তো আসেইনি, টেস্টটা ড্র করতে বাংলাদেশকে ব্যাটিং করতে হতো ১২৫ ওভার। বাংলাদেশ করতে পারল সাড়ে ১০০ ওভার। ভারতের বিপক্ষে ভারতে চতুর্থ ইনিংসে ১০০ ওভারের বেশি টিকে থাকা দারুণ কৃতিত্ব। কিন্তু এ নিয়ে আত্মপ্রসাদ লাভ করতে গেলে উল্টো আফসোসটা আরও বাড়বে। এই টেস্টের উইকেট যে একেবারেই প্রথাগত পঞ্চম দিনের ভারতীয় উইকেট ছিল না।
প্রথাগত যে ভারতীয় উইকেটের কথা বলা হচ্ছে, সেটির সবচেয়ে বেশি ফায়দা তুলেছেন ভারতের বর্তমান কোচ অনিল কুম্বলে। দেশের বাইরেও টুকটাক সাফল্য আছে, তবে টেস্টে কুম্বলের ছয় শর বেশি উইকেট পাওয়ায় ভারতে ডিজাইনার পিচেরই বড় ভূমিকা। ক্রিকেট ইতিহাসের অনুসারী হলে আপনার এটা মনে থাকার কথা, এর শুরু ১৯৯৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে। সে সময়ের ভারতীয় কোচ অজিত ওয়াদেকারের মস্তিষ্কপ্রসূত ওই ডিজাইনার পিচের ধারণার কল্যাণেই শুরু হয়েছিল দেশের মাটিতে ভারতের জয়যাত্রা। সেই সিরিজে ভারতের তূণের তিন তির ছিলেন তিন স্পিনার রাজেশ চৌহান, ভেংকটপতি রাজু ও অনিল কুম্বলে।
সেই অনিল কুম্বলে কাল ম্যাচ শেষে বিস্ময়ভরে বললেন, যে পিচ তৃতীয় দিনেই ভাঙবে বলে ভেবেছিলেন, সেটি পঞ্চম দিনেও সেভাবে ভাঙেনি। বিরাট কোহলিও বেশ কবারই বললেন, উইকেট বড় বেশি ব্যাটিংবান্ধব ছিল। এখানে ‘বেসিক ক্রিকেট’ খেললেই রান পাওয়া যায়। মাত্র ২৩৯ বলে ডাবল সেঞ্চুরি করার কথা তিনি নিজেও ভাবেননি। তা করতে পেরেছেন শুধু উইকেটের কল্যাণেই।
এসব শুনে-টুনে কার না মন খারাপ হবে! তার ওপর বাংলাদেশের চার বোলার যেখানে ২৪ ওভার উইকেটে কাটিয়ে দিতে পেরেছেন। এই ম্যাচ ড্র করা তো খুবই সম্ভব ছিল! কে জানে, মাহমুদউল্লাহ যদি আরও কিছুক্ষণ থাকতেন, ম্যাচটা উত্তেজনাকর একটা সমাপ্তির দিকে যেতেও পারত! এখানে উত্তেজনাকর সমাপ্তি মানে দুই দলেরই জয়ের সম্ভাবনা নয়। ভারতের জয় আর ড্রয়ের মধ্যে দোলাচল।
শেষ দিনে বাংলাদেশের যা একটু প্রতিরোধ, তা মাহমুদউল্লাহর ব্যাটেই। গত ১০টি টেস্ট ইনিংসে তাঁর ফিফটি নেই। এখানে ফিফটি তো করলেনই, কোহলির কপালে একটু হলেও চিন্তার ভাঁজও ফেলেছিলেন। ইশান্ত শর্মার একটি বাউন্সার আস্তে নামিয়ে প্লেস করতে গিয়ে উল্টো টপ এজ করে ফেললেন। ফাইন লেগে ক্যাচ হওয়ার পর মাহমুদউল্লাহর ফিরতি যাত্রাটা রীতিমতো স্লো মোশনে।
এরপর যতটুকু খেলা হয়েছে, তা আসলে ফলটা কী হচ্ছে তা চূড়ান্ত জেনেই। ওয়ান-অফ টেস্টকে যদি সিরিজ ধরেন, ভারতের টানা ষষ্ঠ সিরিজ জয় তখনই আসলে নিশ্চিত। বিরাট কোহলির ভারতের টানা ১৯ টেস্ট অপরাজিত থাকার রেকর্ড তো নিশ্চিত হয়ে গেছে আরও আগেই।
ভারতের মাটিতে ইতিহাসের প্রথম টেস্টে বাংলাদেশের তাহলে প্রাপ্তি কী? কী বলছেন, পঞ্চম দিন চা-বিরতি পর্যন্ত ম্যাচ নিয়ে যাওয়াটাকে প্রাপ্তি বলবেন না! র্যা ঙ্কিংয়ে এক আর নয় নম্বরের খেলা কি আরও একতরফা হওয়ার কথা নয়!
ভারত: ৬৮৭/৬ ডি. ও ১৫৯/৪ ডি.
বাংলাদেশ: ৩৮৮ ও ২৫০
ফল: ভারত ২০৮ রানে জয়ী