আফসোস হচ্ছে ইয়াসিরের

পিঠের চোট তাঁকে খেলতে দেয়নি প্রথম টেস্টে। পাকিস্তানও উপলব্ধি করেছে ইয়াসির শাহের অভাব। সিরিজের বাকি দুই টেস্ট আর মিস করতে চান না পাকিস্তানি লেগ স্পিনার। মাঠে ফেরার জন্য চালিয়ে যাচ্ছেন লড়াই।
আবুধাবি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৪ রানে ৫ উইকেট তুলে পাকিস্তানকে ধসিয়ে দিয়েছেন ইংল্যান্ড লেগ স্পিনার আদিল রশিদ। আদিল রশিদের বোলিং দেখে ইয়াসিরের তাই আফসোসই হচ্ছে, ‘পিচটি ধীরগতির হলেও লেগ স্পিনারদের জন্য কিছু ছিল। আমি লাইন ও লেংথ ঠিক রেখে দীর্ঘ স্পেলে বল করার প্রস্তুতি নিয়েছিলাম।’
শুষ্ক উইকেটে খুব একটা সুবিধা করতে পারেননি পাকিস্তানের বাঁহাতি স্পিনার জুলফিকার বাবর ও অফ স্পিনার শোয়েব মালিক। ইয়াসির খেলতে পারলে হয়তো রানের পাহাড়ে উঠতে পারত না ইংল্যান্ড। ইয়াসিরের পরিসংখ্যানই সেটি বিশ্বাস করতে বলে। এ পর্যন্ত ১০ টেস্টে খেলে নিয়েছেন ৬১ উইকেট। দিন দিন ভয়ংকর এক লেগ স্পিনার হয়ে উঠছেন ২৯ বছর বয়সী ইয়াসির। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা জেতাতে রেখেছেন বড় ভূমিকা, তিন টেস্টে নিয়েছেন ২৪ উইকেট। ইয়াসিরের ওপর আস্থা আছে পাকিস্তানের লেগ স্পিন কিংবদন্তি আবদুল কাদিরেরও। তবে তাঁর ধারণা ফ্লিপারটা ভালো করলেও এখনো গুগলি নিয়ে কাজ করতে হবে ইয়াসিরকে, ‘ও ফ্লিপারটা ভালোই করে। তবে গুগলির নিয়ন্ত্রণ নিয়ে ওকে এখনো কাজ করতে হবে। গ্রেট লেগ স্পিনারদের জন্য এটি আবশ্যক।’
পূর্বসূরির কথা মানছেন ইয়াসিরও, ‘গুগলিতে দক্ষ হয়ে উঠতে হবে আমাকে। যেহেতু ধীরগতির পিচে উইকেট নেওয়ার মূল অস্ত্র এটি, আমি তাই এ নিয়ে কঠোর পরিশ্রম করছি।’ পিটিআই।