আফসোস নেই মুশফিকের
প্রশ্নটা অবধারিতই ছিল। টেস্ট, ওয়ানডে—সব ধরনের ক্রিকেটেই ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। সেখান থেকে শুধুই টেস্টের অধিনায়ক হয়ে যাওয়ার অনুভূতিটা কেমন?
অধিনায়কত্ব পুনর্বিন্যাসের পর পেরিয়ে গেছে মাস খানেক, কিন্তু প্রশ্নটা কালই প্রথম করার সুযোগ পাওয়া গেল মুশফিকুর রহিমকে। তবে প্রশ্নের উত্তর মুশফিক নিজেও ঠিকঠাক দিতে পারলেন না। পারলেন না কারণ, জিম্বাবুয়ে সিরিজের প্রথমেই হচ্ছে তিনটি টেস্ট। আর তিনি যেহেতু টেস্ট অধিনায়ক, ওয়ানডে অধিনায়কত্ব হারানোর ব্যাপারটা এখনো সেভাবে উপলব্ধি করতে পারছেন না। কাল প্রসঙ্গটা তুলতেই মুশফিক বললেন, ‘এখনো মনে হচ্ছে না যে অন্য কোনো ফরম্যাটে আমি অধিনায়ক নেই। হয়তো বা টেস্ট সিরিজ শেষে মনে হবে, কোনো একটা জিনিস আমার কাছ থেকে চলে গেছে।’
তবে অধিনায়ক থাকার চেয়ে তাঁর কাছে একজন খেলোয়াড় হিসেবে দায়িত্ব পালনটাই আসল, ‘আমি উপভোগই করছি। আমার যতটুকু দায়িত্ব আছে সেটা পালন করব। আমি যদি অধিনায়ক না-ও থাকি, তাতে যদি দলের উপকার হয় আমিই সবার আগে দায়িত্বটা ছেড়ে দেব।’ ওয়ানডে অধিনায়কত্ব চলে যাওয়ায় তাই আফসোস করছেন না তিনি। বরং জানালেন, ‘আমার যেটা মূল কাজ তাতে আমি আরও বেশি মনোযোগ দেব। আমি চাইব, আমার হাত দিয়ে যেন দলটা ভালো খেলে। বছর শেষে যেন আমরা বাংলাদেশকে কিছু দিতে পারি।’
১৮
২০০৫ সালে সিরিজে ১৮ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। বাংলাদেশি বোলারদের সিরিজ রেকর্ড এটাই।