আফসোস বাড়িয়ে দিচ্ছেন মাশরাফিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারতে হারতে ক্লান্ত কুমিল্লা ভিক্টোরিয়ানস টুর্নামেন্টে তাদের প্রথম জয় পায় রাজশাহী কিংসের বিপক্ষেই। চট্টগ্রামে রাজশাহীকে ৩২ রানে হারিয়েছিল কুমিল্লা। ওই হারের পর টানা চার ম্যাচ জিতে শেষ চারের আশা বেশ উজ্জ্বল হয় স্যামি-সাব্বিরদের। কিন্তু কাল সেই কুমিল্লার কাছে ৮ উইকেটের হারে হিসাবটা একটু কঠিন হয়ে গেছে রাজশাহীর।
১২৫ রান তাড়া করতে নেমে কুমিল্লার শুরু অবশ্য খুব একটা ভালো হয়নি। ১৬ রানে ইমরুল কায়েস আউট হলেও আহমেদ শেহজাদ-মারলন স্যামুয়েলস স্বচ্ছন্দেই এগিয়েছেন। দ্বিতীয় উইকেটে ৬৯ বলে ৯০ রানের জুটি গড়েন তাঁরা। এই জুটিতেই আসলে খেলা শেষ।
ফরহাদ রেজার বলে জেমস ফ্র্যাঙ্কলিনের ক্যাচ হয়ে শেহজাদ আউট হয়েছেন হাফ সেঞ্চুরি থেকে ৪ রান দূরে থেকে। তবে এবারের বিপিএলে নিজের দ্বিতীয় ফিফটি পেয়েছেন স্যামুয়েলস। ক্যারিবীয় ব্যাটসম্যান সবচেয়ে বেশি চড়াও হয়েছেন মেহেদী হাসান মিরাজের বলে। মিরাজের এক ওভারেই মেরেছেন টানা তিন ছক্কা।
বিপিএল ঢাকায় ফেরার পর সন্ধ্যার প্রতিটি ম্যাচ হয়েছে লো-স্কোরিং। কাল পর্যন্ত সন্ধ্যার ৬ ম্যাচে মোট রান হয়েছে ১৫১২। ইনিংস গড় ১২৬। কালও একই ছবি। যদিও রাজশাহীর ভালো শুরু এনে দেন দুই ওপেনার মুমিনুল হক ও নুরুল হাসান। ৩৮ রানের ওপেনিং জুটির পর ২১ রানের মধ্যে তারা হারিয়েছে ৬ উইকেট। ১১তম ওভারে কুমিল্লার পেসার সাইফউদ্দিন পেয়েছিলেন হ্যাটট্রিকের সুযোগ। রাজশাহীর ‘উদ্ধার’ আসলে জেমস ফ্র্যাঙ্কলিন-আবুল হাসানের অষ্টম উইকেট জুটিতে। নির্দিষ্ট করে বললে ফ্র্যাঙ্কলিনে।
চট্টগ্রাম পর্বের শুরু থেকেই দলের সঙ্গে আছেন ফ্র্যাঙ্কলিন। কাল প্রথম ম্যাচ খেলার সুযোগ পেয়েই কিউই অলরাউন্ডার চেনালেন তাঁকে। ৩১ বলে করেছেন ৪৪ রান। দুই চারের সঙ্গে ছক্কা তিনটি। শাহাদাত হোসেনের করা শেষ ওভারেই তুলেছেন ২৩ রান। আবুল হাসানের সঙ্গে অষ্টম উইকেটে যোগ করেছেন ২৯ বলে ৪৬ রান। ফ্র্যাঙ্কলিনের রানটা অবশ্য রাজশাহীর কাজে আসেনি শেষ পর্যন্ত।
এখন মাশরাফিদের জয় মানেই কুমিল্লার সমর্থকদের আফসোস। শুরুতেই এভাবে জ্বলে উঠলে টুর্নামেন্ট মাঝপথ না পেরোতেই এমন শুধুই খেলার জন্য খেলে যেতে হতো না!

সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী কিংস: ২০ ওভারে ১২৪/৭ (মুমিনুল ২০, নুরুল ১৭, সাব্বির ৮, প্যাটেল ৪, মিরাজ ৭, ফ্র্যাঙ্কলিন ৪৪*, স্যামি ০, রেজা ১৩, হাসান ৪*; মাশরাফি ২/২৪, শাহাদাত ০/৪১, নাবিল ১/১৪, রশিদ ১/১৬, সাইফউদ্দিন ৩/১২, নাজমুল ০/১১)।
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ১৮.৪ ওভারে ১২৫/২ (ইমরুল ৯, শেহজাদ ৪৬, স্যামুয়েলস ৫৫*, লতিফ ৭*; সামি ০/১৯, মিরাজ ১/২৭, নাজমুল ০/৩১, প্যাটেল ০/১৪, হাসান ০/৯, রেজা ১/১৪, ফ্র্যাঙ্কলিন ০/৭)।
ফল: কুমিল্লা ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ সাইফউদ্দিন।