আফসোসটা থেকেই গেল ইউনুসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলো না ইউনুসের টানা চতুর্থ টেস্টের সেঞ্চুরিটা। ছবি: এএফপি
হলো না ইউনুসের টানা চতুর্থ টেস্টের সেঞ্চুরিটা। ছবি: এএফপি

১০৬, ১০৩*, ২১৩, ৪৬, ১০০*, ২৮, ৭২ ও ৪৪—সর্বশেষ চার টেস্টে ইউনিস খানের রান। সেঞ্চুরিকে যেন ডালভাত বানিয়ে ফেলেছেন পাকিস্তানের এ ডানহাতি ব্যাটসম্যান! সাম্প্রতিক সময়ে রানের বন্যা বইয়ে দিলেও একটা আফসোস হয়তো সারা জীবন বয়ে বেড়াতে হবে ইউনিসের। টানা চতুর্থ টেস্টে পঞ্চম সেঞ্চুরিটা আর করা হলো না। তবে ব্যক্তিগত অর্জনের বাইরে দলীয় অর্জন দেখলে ইউনিসের মুখে হাসিই থাকার কথা। দুবাই টেস্টে তাঁর ৪৪ রানের কার্যকরী ইনিংসটা ‘বিপদ’ থেকে বাঁচিয়ে দিয়েছে পাকিস্তানকে।
দুবাই টেস্টের শেষ দিনে চরম এক নাটকই প্রত্যাশা করেছিলেন দর্শকেরা। চতুর্থ দিন শেষে যে তেমনই ইঙ্গিত দিচ্ছিল। সে নাটকের কয়েক অঙ্ক দৃশ্যায়নও হলো আজ। তবে শেষটা নিজেদের মতো করেই মঞ্চস্থ করলেন ইউনুস ও আসাদ শফিক। ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো দুই দলকে।
দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ৯ উইকেটে ২৫০ রানে ইনিংস ঘোষণা দিলে পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৬৭ ওভারে ২৬১ রান। ৮ রানেই তৌফিক উমর ফিরে গেলে আজহার আলী ও শান মাসুদের দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৬২ রান। এরপর ছোট্ট একটা ‘মরুঝড়’। তাতেই পথ হারানোর উপক্রম পাকিস্তানের। ১ উইকেটে ৭০ থেকে ৪ উইকেটে ৭৫ রান! তখনো প্রায় দিনের ৩৫ ওভার খেলা বাকি। ফিরে গেছেন আজহার আলী ও মিসবাহ-উল-হক। এ পরিস্থিতিতে ম্যাচ ব্ল্যাক ক্যাপদের দিকে ঝুঁকে পড়েছিল, বললে ভুল হবে না।
এ নিউজিল্যান্ডের হাসি কেড়ে নিতে উইকেটে দাঁড়িয়ে গেল ইউনুস-আসাদের পঞ্চম উইকেট জুটি। এ জুটিতে এল ৭৪ রান। উইকেট আগলে দুই ব্যাটসম্যান পড়ে থাকলেন ২৩. ৪ ওভার। মার্ক ক্রেইগের বলে ইউনুস ফিরে গেলেও বাকি সময়টা সরফরাজ আহমেদকে নিয়ে নিরাপদেই কাটিয়ে দিলেন আসাদ। এ জুটিতে এল অবিচ্ছিন্ন ৪৭ রান। পাকিস্তান ৫ উইকেটে ১৯৬ রান তুলতেই ড্র ঘোষণা করা হলো ম্যাচ। কিউইদের পক্ষে বোল্ট ও ক্রেইগ নিয়েছেন দুটি করে উইকেট।
আগের দিনের ৬ উইকেটে ১৬৭ রানে খেলতে নেমে আজ ৩ উইকেটে ৮৩ রান তুলে ইনিংস ঘোষণা করেন ব্ল্যাক ক্যাপরা। রস টেলর তুলে নেন ১২তম টেস্ট সেঞ্চুরি। টেস্টে সেঞ্চুরি সংখ্যায় নিউজিল্যান্ডের পক্ষে জন রাইটের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে টেলর। ১৭ সেঞ্চুরি নিয়ে সবার ওপরে মার্টিন ক্রো। ম্যাচসেরা টেলরই।
কিউদের ৯ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন পাকিস্তানের দুই স্পিনার ইয়াসির শাহ ও জুলফিকার বাবর। লেগ স্পিনার ইয়াসির নিয়েছেন প্রথমবারের মতো ৫ উইকেট। বাকি ৪টি বাবরের সংগ্রহে।
তিন ম্যাচের সিরিজে পাকিস্তান এগিয়ে ১-০ ব্যবধানে।