আফসোসে শুরু শহীদ-সৌম্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাইজুলের বলে আউট হয়ে গেলেন অভিষিক্ত সামি আসলাম (ছবিতে নেই)। কাল সারা দিনে এটিই হয়ে থেকেছে বাংলাদেশের আনন্দের একমাত্র উপলক্ষ  l শামসুল হক
তাইজুলের বলে আউট হয়ে গেলেন অভিষিক্ত সামি আসলাম (ছবিতে নেই)। কাল সারা দিনে এটিই হয়ে থেকেছে বাংলাদেশের আনন্দের একমাত্র উপলক্ষ l শামসুল হক

২৮ এপ্রিল, নাকি ২৯ এপ্রিল? স্মৃতিতে বেশি উজ্জ্বল হয়ে থাকবে কোন দিনটা? অভিষেক টেস্ট ২৮ এপ্রিল শুরু হলেও ম্যাচের প্রথম দিনটা দুজনই কাটিয়েছেন ড্রেসিংরুমে। মাঠে নামার সুযোগ তো পেলেন কাল!
বলা হচ্ছে সৌম্য সরকার ও মোহাম্মদ শহীদের কথা। টেস্ট ক্যাপ পরশুই মাথায় উঠলেও সেদিন ব্যাটিং করার সুযোগ হয়নি কারোরই, বোলিং তো না-ই। কাল টেস্টের দ্বিতীয় দিনে সুযোগ এল দুটোরই। তবে টেস্ট ক্রিকেটে প্রথম দিন মাঠে নামার অভিজ্ঞতা দুই তরুণের কাছে ধরা দিল দুই রূপে। শহীদের কাছে যেটিকে মনে হয়েছে আরও একটা প্রথম শ্রেণির ম্যাচের মতোই, সৌম্যের জন্য শুরুতে সেটাই চাপ হয়ে বসেছিল। তবে একটা জায়গায় মিলও আছে। দিন শেষে হতাশা দুজনের কণ্ঠেই।
শেষ বিকেলের কুল ডাউনে শহীদের পাশে একটু বেশি সময় কাটালেন মারিও ভিল্লাভারায়ণ। বল করেছেন মাত্র ৭ ওভার, তার পরও ফিজিওর বাড়তি মনোযোগটা তিনি হয়তো পেলেন টেস্টে নতুন বলেই। যদিও ড্রেসিংরুমে ফেরার পথে শহীদের সঙ্গে কথা বলে মোটেও মনে হলো না এই সংস্করণের ক্রিকেটটা তিনি প্রথম খেলছেন। ‘আমার কাছে মনে হয়েছে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলছি। যতক্ষণ মাঠে থেকেছি, কখনোই আলাদা কিছু মনে হয়নি’—হাসতে হাসতে বলছিলেন এই পেসার।
শহীদের কথাটা অবিশ্বাস্য লাগল। টেস্ট খেলার স্বপ্ন সব ক্রিকেটারেরই থাকে। সেই স্বপ্ন বাস্তব হওয়ার ক্ষণে মনে কোনো রোমাঞ্চই জাগেনি! প্রথম ওভারটা কেমন হয়, প্রথম বলটা কোথায় ফেলতে হবে—এসব নিয়ে কোনো টেনশন ছিল না? শহীদ আবার হাসেন, ‘আসলেই...প্রথম শ্রেণির ক্রিকেটে যে রকম ঠিক জায়গায় বল ফেলার চেষ্টা করি, এখানেও তাই করেছি। এর বেশি কিছু না।’
কিন্তু প্রথম ওভারে মাত্র ৬ রান দেওয়ার পরও কেন ওখানেই থামিয়ে দেওয়া হলো তাঁর প্রথম স্পেল? না, শহীদ এখানেও কোনো অস্বাভাবিকতা দেখছেন না, ‘ওটা দলের প্রয়োজনেই। অধিনায়কের মনে হয়েছে ওই সময় উইকেটে স্পিন বেশি ধরবে।’ টেস্টে প্রথম স্পেলটা মাত্র এক ওভারের হওয়াতে নয়, শহীদের আফসোসের কারণ তাঁর প্রত্যাবর্তন ওভারটা। ইনিংসের ৩৫তম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই উইকেটের সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু আজহার আলীর ক্যাচটা নিতে পারেননি উইকেটকিপার মুশফিকুর রহিম। যে বলে আজহারের ড্রেসিংরুমে ফেরার কথা, সেই বলে উল্টো আঙুলে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন মুশফিক! টেস্ট ক্রিকেটে প্রথম উইকেট পাওয়ার অপেক্ষাও তাতে বেড়ে গেল শহীদের। ‘প্রথম দিনই আমার বলে একটা ক্যাচ পড়ল। সে জন্য খারাপ লাগছে। টেেস্ট প্রথম উইকেট হয়ে যেত আজই (গতকাল)। কিন্তু কিছু করার নেই। এটা খেলারই অংশ’—কাতরকণ্ঠ শহীদ।
একটু পর দিন শেষের সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এলেন আরেক অভিষিক্ত—সৌম্য। কথাবার্তায় বেশ সপ্রতিভ। সপ্রতিভ ছিলেন উইকেটে যাওয়ার পরও। কিন্তু টেস্টে নিজের প্রথম বলটা খেলতে গিয়ে মনে এল চিন্তাটা, ‘মাঠে নামার পর দেখি সবকিছুই আলাদা। তখনই মনে পড়ল, আজ তো আমার অভিষেক হচ্ছে!’ প্রথম দুই বলে একটু স্নায়ুচাপে ভুগলেও সবকিছু স্বাভাবিক হয়ে এসেছিল এরপরই, ‘তৃতীয় বলটাতে গিয়ে মোটামুটি স্বাভাবিক হয়ে গিয়েছিলাম। মুশফিক ভাই ছিলেন সঙ্গে। উনি বোঝাচ্ছিলেন স্বাভাবিক ব্যাটিং করতে।’
৩৩ রানের ইনিংসে সৌম্যও সেটাই করছিলেন। কিন্তু হঠাৎই মোহাম্মদ হাফিজকে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে ক্যাচ তুলে দিলেন মিড অফে। দিন শেষে আফসোস সেটা নিয়েই, ‘ওই সময় ওই শটটা খেলা উচিত হয়নি। আউট হওয়ার পর মনে হয়েছে আমি বাজে খেলে আউট হয়েছি। এই শটটা আমি না খেললেও পারতাম।’ কালই অবশ্য প্রতিজ্ঞা করে ফেলেছেন, টেস্টে প্রথম আউটের এই ভুলটা আর করবেন না।
শহীদ-সৌম্যের আফসোসের দিনটা ভালো কাটেনি বাংলাদেশ দলের জন্যও। ৯৬ রানে গেছে ৬ উইকেট, শেষ ৫ উইকেট পড়েছে মাত্র ২৭ রানে! বোলিংয়েও মাত্র একটি উইকেটই তোলা গেছে পাকিস্তানের, ক্যাচ পড়েছে দুটি। দলের প্রতিনিধি হয়েও তাই আফসোসের কথাই বললেন সৌম্য, ‘সব মিলিয়ে আমাদের জন্য দিনটা খারাপই গেছে। ব্যাটিংয়ে ৬ উইকেট হারিয়েছি। ঠিক জায়গায় বল করতে পারিনি। ফিল্ডিংয়েও সুযোগ হাতছাড়া করেছি।’
সৌম্যের তবু বিশ্বাস, এখান থেকেও ভালো কিছু হতে পারে খুলনা টেস্টে। সেটা হলে সৌম্য-শহীদের কালকের আফসোসটা নিশ্চয়ই আর থাকবে না
স্কোরকার্ড
বাংলাদেশ ১ম ইনিংস
(প্রথম দিন শেষে, ২৩৬/৪; সাকিব ১৯*)
রান বল ৪ ৬
সাকিব ক শফিক ব বাবর ২৫ ৬১ ৩ ০
মুশফিক ক মিসবাহ ব ইয়াসির ৩২ ৭১ ৫ ০
সৌম্য ক শফিক ব হাফিজ ৩৩ ৫৫ ৫ ০
শুভাগত অপরাজিত ১২ ১১ ০ ০
তাইজুল ব ইয়াসির ১ ১১ ০ ০
শহীদ ক মিসবাহ ব রিয়াজ ১০ ১৫ ২ ০
রুবেল ক সরফরাজ ব রিয়াজ ২ ১০ ০ ০
অতিরিক্ত (লেবা ৫, নো ৭) ১২
মোট (১২০ ওভারে অলআউট) ৩৩২
উইকেট পতন: ৪-২৩৬ (মুমিনুল, ৮৯.৫ ওভার), ৫-২৪৩ (সাকিব, ৯৩.১), ৬-৩০৫ (সৌম্য, ১১১.২), ৭-৩১০ (মুশফিক, ১১২.৪), ৮-৩১২ (তাইজুল, ১১৪.৪), ৯-৩২৯ (শহীদ, ১১৭.৬)।
বোলিং: জুনাইদ ১৬-২-৪০-০ (নো ২), রিয়াজ ২৬-৭-৫৫-৩ (নো ১), হাফিজ ১৮-৫-৪৭-২, বাবর ৩২-৩-৯৯-২, ইয়াসির ২৮-৪-৮৬-৩।
পাকিস্তান ১ম ইনিংস
হাফিজ ব্যাটিং ১৩৭ ১৭৯ ১২ ২
আসলাম ক মুশফিক ব তাইজুল ২০ ৩৬ ২ ১
আজহার ব্যাটিং ৬৫ ১৩৬ ২ ১
অতিরিক্ত (লেবা ২, নো ৩) ৫
মোট (৫৮ ওভারে, ১ উইকেটে) ২২৭
উইকেট পতন: ১-৫০ (আসলাম, ১১.৫)।
বোলিং: রুবেল ১১-০-৫০-০ (নো ২), শহীদ ৭-০-২৯-০ (নো ১), তাইজুল ১৬-২-৪৩-১, শুভাগত ৮-০-৩৪-০, সাকিব ১২-০-৫৭-০, মাহমুদউল্লাহ ২-০-৯-০, সৌম্য ১-০-২-০, মুমিনুল ১-০-১-০।