আফসোসের নাম মাহমুদউল্লাহ

চট্টগ্রাম টেস্টে সাকিব আল হাসান যেটি করেছিলেন দিনের শুরুতেই, মাহমুদউল্লাহ ঢাকা টেস্টে সেটি করলেন দিনের শেষ বলটিতে। চট্টগ্রামে তৃতীয় দিনের দ্বিতীয় বলেই মঈন আলীকে ডাউন দ্য উইকেটে খেলে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে আসেন সাকিব। যেটির জের বাংলাদেশকে টানতে হয়েছে শেষ পর্যন্ত।
উইকেট উপহার দিয়ে এসে মাহমুদউল্লাহ কাল একই ভুল করলেন কি না, সময়ই বলে দেবে। কিন্তু তিনি যেভাবে দিনের শেষ বলে জাফর আনসারিকে অপ্রয়োজনীয় সুইপ করতে গেলেন, তার ব্যাখ্যা কী হতে পারে? টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ভূতটাই কি ফিরে এল মিরপুরে? ভারতের বিপক্ষে যখন ২ বলে দরকার ১ রান, ফুল টসে স্লগ সুইপ খেলতে গিয়ে মাহমুদউল্লাহ আউট! সংস্করণ বা পরিস্থিতি সবই ভিন্ন। তবুও মাহমুদউল্লাহর ভেতর কাল ভর করল অসময়ে বিলাসী শট খেলার সেই ভাবনাটা।
দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মেহেদী হাসান মিরাজ এ নিয়ে কৌশলী উত্তর দিলেন। তবে তাঁর কণ্ঠে আফসোসটা ঠিকই টের পাওয়া গেল, ‘রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) অনেক ভালো খেলোয়াড়। তিনি অনেক অভিজ্ঞ। একজন ব্যাটসম্যান আউট হতেই পারে। সিদ্ধান্তে যদি একটু এদিক-ওদিক হয়ে যায় তখনই আউট হতে হয়। তবে তিনি থাকলে আমাদের জন্য ভালো হতো। দুর্ভাগ্য, আউট হয়ে গেছেন। কেউ ইচ্ছে করে আউট হয় না। পরে যাঁরা আছেন সাকিব-মুশফিক ভাই নিশ্চয়ই চেষ্টা করবেন ভালো কিছু করার।’
ইংলিশ পেসার ক্রিস ওকসও খুশি যে মাহমুদউল্লাহকে ফিরিয়ে তাঁরা পেয়েছেন হারানো দিশার খোঁজ, ‘টপ অর্ডারের উইকেট পাওয়া সব সময়ই গুরুত্বপূর্ণ। দিনের শেষে উইকেট পেলে পরের দিন মোমেন্টাম পাওয়া যায়।’