আফিফ-বিস্ময়ে চিটাগংয়ের হার

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক। বিকেএসপির ছাত্র হিসেবে বিকেএসপির হয়ে প্রথম বিভাগ ক্রিকেটে খেলেছেন গত বছর। ভালো টপ অর্ডার ব্যাটসম্যান। অফ স্পিনটাও খারাপ করেন না। ১৭ বছর বয়সী আফিফ হোসেনকে যাঁরা আগেও চিনতেন, তাঁরাও সম্ভবত এর বেশি কিছু জানতেন না খুলনার এই তরুণ সম্পর্কে।
আফিফ নিজেই কাল নিজের পরিচয়টা নতুন করে দিলেন। চিটাগং ভাইকিংসের বিপক্ষে রাজশাহী কিংসের হয়ে বিপিএলে অভিষেক ম্যাচ খেলতে নেমেই ২১ রানে ৫ উইকেট! পাঁচ শিকারের মধ্যে দ্বিতীয়টি আবার টি-টোয়েন্টির ভয়ংকরতম ব্যাটসম্যান ক্রিস গেইলকে (৫) বোল্ড করে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজের প্রথম ওভারেই ফেরানো জহুরুল ইসলামের এলবিডব্লু নিয়ে বিতর্ক থাকলেও ৫ উইকেট পেয়ে যাওয়ার পর সেসব অর্থহীন। বিপিএলে অভিষেক ম্যাচে ৫ উইকেট পাওয়ার কৃতিত্ব আফিফেরই প্রথম।
প্রতিপক্ষের কেউ আফিফের মতো বোলিং করলে ম্যাচ জেতা কঠিন। ৯ উইকেটে ১১১ রান করা চিটাগং ভাইকিংসও জিততে পারেনি। ৬ উইকেটের জয় তুলে নিয়েছে রাজশাহী কিংস। ১২ ম্যাচ খেলে চিটাগং ভাইকিংস, রংপুর রাইডার্স ও খুলনা টাইটানসের মতো তাদের পয়েন্টও এখন ১২। চিটাগংয়ের বিপক্ষে জয়টা ১৩.২ ওভারের মধ্যে পেয়ে গেলে ১২ পয়েন্ট পাওয়া চার দলের মধ্যে নেট রানরেটে এগিয়ে থাকত রাজশাহীই। কিন্তু তাসকিনের বলে ফ্রাঙ্কলিন জয়সূচক বাউন্ডারিটা মারলেন ১৪তম ওভারের পঞ্চম বলে। অল্পের জন্য দ্বিতীয় স্থানে উঠতে না পারলেও রাজশাহী এখন তৃতীয় স্থানে। চিটাগং ম্যাচ হেরেও দ্বিতীয়। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ঢাকা ডায়নামাইটস সবার ওপরে। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস ও বরিশাল বুলস ছাড়া অঙ্কের হিসাবে শেষ চারে যাওয়ার সম্ভাবনা আছে পাঁচ দলেরই।
আফিফের বোলিংয়ের পর রাজশাহীর জয় আরও সহজ হয়েছে জেমস ফ্রাঙ্কলিনের অপরাজিত ৬৩ রানের সৌজন্যে। মাত্র ২৭ বলের ইনিংসে ফ্রাঙ্কলিন চেষ্টা করেছিলেন জয়টা যত দ্রুত এনে দেওয়া যায়। কিন্তু তাঁর পাঁচ বাউন্ডারি আর চার ছক্কার ইনিংসেও ১৩.২ ওভারের মধ্যে জয়ের লক্ষ্যটা পূরণ হয়নি রাজশাহীর।