আফ্রিকা-দুঃস্বপ্ন ভোলার মিশনে মাশরাফিরা

যাঁর সঙ্গেই দেখা হচ্ছে, অভিনন্দন পাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। প্রথমে বুঝতে পারেননি কী কারণে এই অভিনন্দন। পরে যখন কারণটা বুঝলেন, তিনিও পাল্টা বলতে লাগলেন, ‘থ্যাংক ইউ, থ্যাংক ইউ।’
পুরো ব্যাপারটি আসলে ছিল রসিকতা। যেটির উৎস আগের দিন বিসিবির সভাপতির একটি কথা। বাংলাদেশ দলের কোচ কে-এই প্রশ্নের উত্তরে হাসতে হাসতে নাজমুল হাসান বলেছিলেন, মাশরাফি-সাকিবই এখন কোচ। মিরপুরে কাল কপট অভিনন্দন জানানো আশপাশের মানুষদের সঙ্গে মাশরাফির রসিকতা বিনিময়ও ছিল সেই সূত্রে। মাশরাফি অবশ্য তাঁর আর সাকিবের ‘কোচ’ হয়ে যাওয়াটাকে আরও সরলীকরণ করে দেখালেন, ‘উনি যেটা বুঝিয়েছেন, সেটা হলো সিনিয়র খেলোয়াড়দের দায়িত্বের বিষয়টা, যেটা সব সময়ই থাকে। আলাদা কিছু করতে গেলে আরও সমস্যার উদ্ভব হতে পারে। আমার মনে হয়, যেভাবে চলছিল সেটাই ঠিক আছে।’
চন্ডিকা হাথুরুসিংহে চলে গেছেন, নতুন কোচ কে হবেন-গত মাস দুয়েক এই আলোচনায়ই সময় কাটিয়েছে বাংলাদেশের ক্রিকেট। মাশরাফি-সাকিবকে বিসিবির সভাপতির ‘কোচ’ বলা সেই ধারাবাহিকতায় সর্বশেষ সংযোজন। তবে মাশরাফি বিষয়টাকে হাসি-ঠাট্টার মধ্যেই রেখে তাকালেন পেছনের দিকে। দক্ষিণ আফ্রিকা সফরের ব্যর্থতার জ্বালা এখনো পোড়াচ্ছে ওয়ানডে অধিনায়ককে। ১৫ জানুয়ারি ত্রিদেশীয় সিরিজ দিয়ে শুরু হতে যাওয়া ২০১৮ সালটা যেন শুরু করতে চাচ্ছেন সেই জ্বালা দূর করার প্রতিজ্ঞা নিয়ে।
একাডেমি মাঠের অনুশীলন শেষে ত্রিদেশীয় সিরিজ বা দলে সিনিয়র খেলোয়াড়দের দায়িত্ব সব প্রসঙ্গেই মাশরাফি টেনেছেন গত দক্ষিণ আফ্রিকা সফর প্রসঙ্গ। সব কথায়ই আছে ব্যর্থতার সেই ধাক্কা কাটিয়ে ওঠার কথা। একবার বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরটা ভালো যায়নি। তবে বাজে সময় আসতেই পারে। এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা মাথায় না রেখে খেলা। পরে আবার মনে করিয়ে দিয়েছেন, ‘ত্রিদেশীয় সিরিজটা জেতার জন্যই খেলব। সিরিজটা গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর সবাই-ই একটু হতাশ। আমরা যদি সিরিজটা জিততে পারি, তাহলে পরিস্থিতি ঘুরে যেতে পারে।’
কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজ এবং সিরিজ-পরবর্তী সময়ে বাংলাদেশের ক্রিকেটে যে রকম ঝড় বয়ে গেছে, তাতে নতুন করে দলটাকে গুছিয়ে নেওয়া কতটা সহজ হবে? ওয়ানডে দিয়ে বছর শুরু হচ্ছে বলে প্রাথমিক ধাক্কাটা যাওয়ার কথা মাশরাফির ওপর দিয়েই। মাশরাফি অবশ্য খুব কঠিন মনে করছেন না এটাকে। একটা সিরিজের ফলাফল তো আর সবকিছুই নাড়িয়ে দিতে পারে না। দক্ষিণ আফ্রিকায় তিন সংস্করণের ক্রিকেটেই বাজে খেলে আসাটা মাথায় রেখেও মাশরাফির কথায় নতুন করে শুরুর প্রত্যয়, ‘আমাদের এখন সঠিক কাজটা করতে হবে। হোম আর অ্যাওয়ের মধ্যে আকাশ-পাতাল ব্যবধান থাকে। হোমের সিরিজটা আমরা জিততে চাই।’
৩২ জন নিয়ে অনুশীলন চলছে এখন। ৭ জানুয়ারি ঘোষণা করা হবে ত্রিদেশীয় সিরিজের দল। সেই দল নির্বাচন নিয়ে ওয়ানডে অধিনায়ক মাশরাফির মতামতও নেওয়ার কথা মিনহাজুল আবেদীনের নির্বাচক কমিটির। অবশ্য কী ধরনের দল চান, সে সম্পর্কে পরশুই বোর্ড সভাপতিকে একটা ধারণা দিয়ে এসেছেন মাশরাফি।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার একটু আগেই নতুন-পুরোনো আরও ১১ পেসারের সঙ্গে স্পট বোলিংয়ে অনুশীলন করে এসেছেন মাশরাফি। বোলিং প্রান্তে দাঁড়িয়ে একাডেমির পেস বোলিং কোচ চম্পকা রমানায়েকে তত্ত্বাবধান করেছেন সেটির। এবারের অনুশীলন শিবিরের এখন পর্যন্ত এটাই দৃশ্যমান বিশেষত্ব। পেসারদের নিয়ে আলাদাভাবে কাজ করার একটা কারণ, সাম্প্রতিক সিরিজগুলোতে তাঁদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব। মাশরাফি চান একজন পেসারের মধ্যে টানা ৯-১০ ম্যাচে ভালো খেলার ধারাবাহিকতা আসুক, ‘এ রকম ধারাবাহিকতা থাকলে হয়তো আমাদের সুযোগ বেশি থাকবে। যে ম্যাচগুলো জিতেছি, সেখানে কেমন পরিবেশ ছিল; মাঠে যদি সেটা তৈরি করতে পারি, আমার মনে হয় পেসাররা আবার ভালো করবে।’
এই আশাবাদ সত্যি করার নেতৃত্বটাও মাশরাফিরই কাঁধে!