আফ্রিকা সফরে অধিনায়ক শুভাগত
অধিনায়কের নাম ছাড়াই গত সোমবার দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছিল বিসিবি। প্রায় এক মাসের সফরে দলকে কে নেতৃত্ব দেবেন, সেটা জানা গেল কাল। ১৬ সদস্যের দলের অধিনায়ক করা হয়েছে শুভাগত হোমকে। এই অলরাউন্ডারের ডেপুটি সৌম্য সরকার।
কাল পুরো সফরসূচিও দিয়েছে বিসিবি। ১৫ অক্টোবর দক্ষিণ আফ্রিকা পৌঁছানোর পর ১৯ তারিখে প্রথম এক দিনের ম্যাচ। এরপর ২১ থেকে ২৩ অক্টোবর একটি তিন দিনের ম্যাচ খেলার পর ২৭ ও ২৯ তারিখে শেষ দুটি এক দিনের ম্যাচ। প্রথম তিন ম্যাচে বাংলাদেশ ‘এ’র প্রতিপক্ষ আইরিন ভিলেজার্স ক্লাব, শেষ ম্যাচের প্রতিপক্ষ গুটেং স্ট্রাইকার্স।
দক্ষিণ আফ্রিকা থেকে ৩০ অক্টোবর জিম্বাবুয়ে যাবে ‘এ’ দল। বুলাওয়েতে জিম্বাবুয়ে ‘এ’ দলের সঙ্গে তিনটি এক দিনের ও দুটি চার দিনের ম্যাচ ১৯ নভেম্বর দেশে ফেরার বিমানে চড়বেন শুভাগতরা। এক দিনের ম্যাচ তিনটি নভেম্বরের ২, ৪ ও ৬ তারিখে কুইন্স স্পোর্টস ক্লাবে। ৯ ও ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া দুটি চার দিনের ম্যাচের ভেন্যু বুলাওয়ে অ্যাথলেটিক ক্লাব।