আফ্রিকার ছাদে ক্রিকেটের ঝান্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২২ বছর বয়সী স্টিভেন স্মিথ কোনো রান না করেই আউট হয়ে গেছেন। তার পরও তাঁর মুখে দুঃখ-বেদনার কোনো চিহ্ন নেই। ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েও হাসছেন, ব্যাপারটা ঠিক স্বাভাবিক নয়। তবে স্টিভেন স্মিথ যে পরিস্থিতিতে আউট হয়েছেন, তাতে ব্যাট করাটাই ছিল বিশাল ব্যাপার। যে সুযোগটিকে স্মিথ বলছেন ‘জীবনে একবারই আসে!’

তা কোথায় ক্রিকেট খেলেছেন ইংল্যান্ডের এই ২২ বছর বয়সী ক্রিকেটভক্ত? যেখানে খেলেছেন, সেখানে ক্রিকেট খেলা দূরে থাক, ওঠার সাহসই করেন কয়জন? পাঁচ হাজার ৭৩০ মিটার উচ্চতার কিলিমানজারোয় ক্রিকেট ম্যাচ হবে, কথাটা কয়েক মাস আগেও গল্পের মতো শোনাত। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করল একদল ক্রিকেটার। সাবেক ইংলিশ ক্রিকেটার অ্যাশলি জাইলস যেটিকে বলছেন ‘অবিশ্বাস্য’ একটা ব্যাপার। সর্বোচ্চ উচ্চতায় ক্রিকেট খেলার নতুন রেকর্ডও (আগের রেকর্ড পাঁচ হাজার ১৬৫ মিটার উচ্চতার এভারেস্টের বেসক্যাম্পে) হয়ে গেল সেই সঙ্গে।

কয়েক দিন ধরেই ক্রিকেটারদের কিলিমানজারো-অভিযান নিয়ে চলছে আলোচনা। গত শনিবার আফ্রিকার সর্বোচ্চ পর্বতচূড়ায় ওঠার অভিযান শুরু করেছিলেন ক্রিকেটাররা। জাইলস তো ছিলেনই, ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ টেস্ট ক্রিকেটার মাখায়া এনটিনিও। তানজানিয়ার একদল কুলি প্লাস্টিকের পিচ, স্টাম্প, ব্যাট, প্যাড ও বিপুলসংখ্যক বাড়তি বল নিয়ে তাঁদের সঙ্গী হন। সাত দিনের অভিযান শেষে পরশু চূড়ার ঠিক নিচে উঠে আসতে পারেন তাঁরা। সেখানেই হয় ক্রিকেট ম্যাচটি।

হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি ম্যাচ। বেরসিক মেঘের বাগড়ায় শেষ পর্যন্ত ম্যাচটা হয়ে গেল ১০ ওভারের। ‘গরিলা দল’-এর অধিনায়ক ছিলেন ইংল্যান্ডের নারী ক্রিকেট দলের সহ-অধিনায়ক হিদার নাইট। প্রথমে ব্যাট করে তাঁরা করেন ৫ উইকেটে ৮২। আর জাইলসের ‘গন্ডার দল’ জবাবে করতে পারে ৯ উইকেটে ৬৪। গরিলা দল জিতে যায় ১৮ রানে। তবে এমন একটা ম্যাচ জয়-পরাজয় নিয়ে কে মাথা ঘামায়?

খেলতে যে পেরেছেন সেটাই তো ঢের। সমুদ্রপৃষ্ঠ থেকে অত ওপরে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিকের অর্ধেক। ব্যাট-বল করতে তাই দ্বিগুণ শক্তি খরচ করতে হচ্ছিল ক্রিকেটারদের। চাপ পড়ছিল ফুসফুসের ওপর। নাইট অবশ্য সেটি একদমই গায়ে মাখছেন না, ‘উইকেটে দৌড়ানো কঠিন ছিল। কিন্তু জাইলসকে বল করতে কোনো কষ্টই হয়নি। ওঠাটা পুরোপুরি উশুল হয়েছে, শিখরে উঠতে পারা অসাধারণ এক অনুভূতি। আর বিশ্ব রেকর্ড গড়া তো আছেই।’

তানজানিয়ান গাইড মুকুর মুগাপাবলো পর্বতশৃঙ্গে ক্রিকেট দেখে রীতিমতো শিহরিত, ‘আমি অদ্ভুত সব মাঠে ফুটবল খেলতে দেখেছি। কিন্তু পাগলামিতে এটি সবকিছুকেই ছাড়িয়ে গেছে। এখানে উচ্চতা গুরুতর একটা ব্যাপার, মানুষ সত্যি অসুস্থ হয়ে পড়ে..।’ এমন অভিযান কিন্তু এমনিতেই হয়নি, উদ্দেশ্য ছিল দাতব্য তহবিল গঠন। উদ্দেশ্য যখন মহৎ, এমন পাগলামি হলে ক্ষতি কী? এএফপি।