আফ্রিদি-গেইলের এমন লড়াই!

ক্রিস গেইল বনাম শহীদ আফ্রিদি। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় বিজ্ঞাপন হতে পারে এটা। এক ম্যাচে এই দুই মারকাটারির উপস্থিতি যেকোনো মাঠেই বাধাতে পারে ব্যাট-বলের ‘লঙ্কাকাণ্ড’। অথচ কাল সে রকমই এক ম্যাচে কিনা সাকল্যে রান হলো ১২০! গেইলের দল ৫৮ রানে অলআউট। পরের অংশেও নাটক নেই। দ্বাদশ ওভারেই ৯ উইকেটে ম্যাচ জিতে গেলেন আফ্রিদিরা।
গেইল-আফ্রিদির লড়াইও যে নিরুত্তাপ-রোমাঞ্চহীন হতে পারে, সেটা দেখাল কালকের বরিশাল বুলস-সিলেট সুপারস্টারসের ম্যাচ। চার-ছক্কাপিয়াসী দর্শকেরা ফিরলেন অতৃপ্তি নিয়ে। গেইলের ব্যাটিং শুরুতেই শেষ, আফ্রিদিকে তো ব্যাটই হাতে নিতে হলো না!
গত শুক্রবার ঢাকায় পা দিয়েই গেইল বললেন, ‘দেখা হবে ছক্কায়’। তা কাল ছক্কা একটা মেরেছেন বটে। মোহাম্মদ শহীদকে কাভারের ওপর দিয়ে সীমানাছাড়া করলেন। কিন্তু পরের বলেই শেষ এক ছক্কার ‘গেইল-ঝড়’। লং অনের ওপর দিয়ে মারতে গিয়ে হয়ে গেলেন ক্যাচ।
গেইলকে হারিয়ে যেন সবই হারিয়ে ফেলল বরিশাল! ওপেনিংয়ে গেইলের সঙ্গী লুইসের পর দুই অঙ্কের রান শুধু আট নম্বরে নামা মোহাম্মদ সামির। পুরো ইনিংসই হয়ে থাকল সিলেটের বোলিং-তাণ্ডবের সাক্ষী। আলাদা করে বললে রবি বোপারার করা দশম ওভারটাই আসবে আলোচনায়। ৪ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন; ৩টিই ওই ওভারে। প্রথম ওভারে ওপেনার মুনাবীরাকে তুলে নিয়েও সিলেটকে কাঁপাতে পারেনি বরিশাল। ৫৮ রানের পুঁজি নিয়ে তা কঠিনও।
গেইল-আফ্রিদি জমাতে না পারলেও ম্যাচটা তুমুল আলোচনার জন্ম দিল অন্য জায়গায়। মুশফিকুর রহিমের পরিবর্তে সিলেট সুপারস্টারসের হয়ে টস করতে এলেন কিনা শহীদ আফ্রিদি! টানা হারতে থাকা দলটা কি তাহলে অধিনায়ক বদলেই সমাধান খুঁজল? টসের পর আফ্রিদির ব্যাখ্যা, নিজের ওপর চাপ কমাতে মুশফিকই নাকি নেতৃত্ব থেকে সরে গেছেন। ম্যাচ শেষে সিলেটের কোচ সরওয়ার ইমরানও একই কথা বললেন, ‘আমি যত দূর জানি মুশফিক নিজ থেকেই বলেছে অধিনায়কত্ব, উইকেটকিপিং, টানা হার—এত চাপ সে নিতে পারছে না। বিপিএলে তাই আর অধিনায়কত্ব করতে চাচ্ছে না। তখন ফ্র্যাঞ্চাইজির মালিক তার প্রস্তাবে রাজি হয়েছেন।’ সরাসরি অধিনায়কত্ব না করলেও মাঠে আফ্রিদিকে সাহায্য করার দায়িত্ব ছিল মুশফিক ও বোপারার কাঁধে।
বাতাসে তবুও ভেসে বেড়াচ্ছিল নানা গুঞ্জন। সিলেটের খেলোয়াড়দের ২৫ শতাংশ টাকা বাকি ছিল। এ নিয়ে কোনো গোলমাল বাধেনি তো মুশফিকের সঙ্গে মালিকপক্ষের? পরে অবশ্য জানা গেছে পরশু রাতেই বকেয়া দিয়ে দিয়েছে সিলেট। তাহলে অন্য কোনো কারণ? যিনি জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার চাপ সইতে পারেন, বিপিএলে ২০ ওভারের ম্যাচে অধিনায়কত্বের চাপ তিনি নিতে পারবেন না! ফ্র্যাঞ্চাইজিটির ব্যবস্থাপনা পরিচালক আজিমুল ইসলামও অবশ্য বললেন কোচের কথাটাই, ‘কীভাবে আরও ভালো করা যায়, সেটা নিয়ে আমরা টিম মিটিংয়ে আলোচনা করেছি। তখন মুশফিকই বলেছেন, অধিনায়কত্ব না করলে উনি আরও ভালো পারফর্ম করতে পারবেন। আমরাও ভেবেছি, তাহলে দায়িত্বটা অন্য কাউকে দিই। শহীদ আফ্রিদিকে ধন্যবাদ যে, তিনি আমাদের প্রস্তাবে রাজি হয়েছেন।’
অধিনায়ক আফ্রিদি ভাগ্য ফেরালেন সিলেটের। অধিনায়কত্ব ছেড়ে নির্ভার মুশফিক কি ফিরে পাবেন নিজেকে?
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল বুলস: ১৬ ওভারে ৫৮ (সামি ১৬, লুইস ১২, গেইল ৮; বোপারা ৩/১২, আফ্রিদি ২/৫, রুবেল ২/৬, শহীদ ২/২৩, তানভীর ১/৯)। সিলেট সুপারস্টারস: ১১.২ ওভারে ৬২/১ (জুনায়েদ ৩৪*, নুরুল ২৩*; সামি ১/৯)।
ফল: সিলেট ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: জুনায়েদ সিদ্দিক।
| বিপক্ষ | ভেন্যু | সাল | ||
| ৫৮ | বরিশাল বুলস | সিলেট সুপারস্টারস | ঢাকা | ২০১৫ |
| ৬৭ | খুলনা রয়েল বেঙ্গলস | চিটাগং কিংস | ঢাকা | ২০১৩ |
| ৭৪ | সিলেট রয়্যালস | চিটাগং কিংস | ঢাকা | ২০১৩ |