
মিসবাহর ধীরস্থির ব্যাটিংয়ের পাশে আফ্রিদি-ঝড়। ৮৭ বলে ৫৮ করলেন মিসবাহ, ৩৯ বলে ৬৭ আফ্রিদি। দুজনে মিলে পাকিস্তানের স্কোরটাকে নিয়ে গিয়েছিলেন ২১০ রানে। দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের সামনে খুব বড় স্কোর নয়। তার পরও বোলিং লাইনআপটা বেশ শক্তিশালী বলে আশায় ছিল মিসবাহ-উল-হকের দল। কিন্তু সে আশায় জল ঢেলে দিলেন গ্রান্ট এলিয়ট আর রস টেলর। এলিয়ট ও টেলরের অপরাজিত দুটি ফিফটিতেই ম্যাচটা বের করে নেয় নিউজিল্যান্ড। এহসান আদিলের বলে এলিয়টের বাউন্ডারিতে যখন পাকিস্তানের রানটা টপকাল নিউজিল্যান্ড, হাতে ৭ উইকেট আর ৬৩ বল। ওয়েলিংটনে এই জয় দিয়ে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ব্রেন্ডন ম্যাককালামের দল।
ট্রেন্ট বোল্ট আর কাইল মিলসের তোপে পাকিস্তান ১ রানে হারায় প্রথম উইকেট, ২৯ রানে দ্বিতীয়টি, ৩২ রানে তৃতীয়। তারপর এক পাশে মিসবাহ ধরে খেলার চেষ্টা করলেও উল্টো পাশে উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে। ৮ নম্বরে ব্যাট করতে নেমে আফ্রিদি এসে পাল্টা মার শুরু করার পর কিছুক্ষণের জন্য একটু খেই হারিয়ে ফেলে কিউই বোলিং। ২১ বলে ফিফটি করেন পাকিস্তানি অলরাউন্ডার, ৬৭ রানের ইনিংসে মেরেছেন ৯টি চার আর ৩টি ছক্কা। মিসবাহ-আফ্রিদির ৭১ রানের জুটিই দুই শ পার করায় পাকিস্তানকে।
তাড়া করতে নেমে ব্রেন্ডন ম্যাককালাম ও মার্টিন গাপটিলের উদ্বোধনী জুটিতে ৩১ রান তোলে নিউজিল্যান্ড। ব্যক্তিগত ১৭ রানে বিলওয়াল ভাট্টির বলে আহমেদ শেহজাদের হাতে ধরা পড়েন ম্যাককালাম। অধিনায়কের বিদায়ের পর টম ল্যাথাম ও গাপটিল গড়েন ৪৪ রানের জুটি। ১০১ রানে নিউজিল্যান্ডের তৃতীয় উইকেট পড়ার পর আর কোনো বিপদ হতে দেননি এলিয়ট ও টেলর। বল হাতে ২৬ রানে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ৬৮ বলে ৬৪ রানের ইনিংসটির জন্য ম্যাচসেরাও হয়েছেন এলিয়ট। ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৪৫.৩ ওভারে ২১০ (আফ্রিদি ৬৭, মিসবাহ ৫৮, সোহেল ২৩; এলিয়ট ৩/২৬, বোল্ট ২/২৫, মিলস ২/২৯, অ্যান্ডারসন ২/৪৭)।
নিউজিল্যান্ড: ৩৯.৩ ওভারে ২১৩/৩ (এলিয়ট ৬৪*, টেলর ৫৯*, ল্যাথাম ২৩; আফ্রিদি ১/৩৯, ভাট্টি ১/৫১, ইরফান ১/৬০)।
ফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: গ্রান্ট এলিয়ট।