আফ্রিদি পাচ্ছেন না বিদায়ী ম্যাচ
চাওয়াটা খুব বেশি হয়তো ছিল না শহীদ আফ্রিদির। শুধু বিদায়ী ম্যাচ খেলে মাঠ থেকে বিদায় নিতে চেয়েছিলেন। কিন্তু পাকিস্তানি অলরাউন্ডারের চাওয়াটা সম্ভবত পূরণ হচ্ছে না। পাকিস্তানের নির্বাচক আমির সোহেলই জানিয়ে দিয়েছেন, আফ্রিদির জন্য কোনো বিদায়ী ম্যাচ আয়োজন এখন সম্ভব নয়।
টেস্ট-ওয়ানডে থেকে তো আগেই অবসর নিয়েছেন। মার্চ-এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আফ্রিদি নেই ছোট সংস্করণের দলেও। গত মাসে দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের সময়ই প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের সঙ্গে দেখা করে বিদায়ী ম্যাচের দাবিও জানিয়েছিলেন। ইনজামামও তখন বলেছিলেন, বিদায়ী ম্যাচ ৩৬ বছর বয়সী অলরাউন্ডারের প্রাপ্য। কিন্তু এখন সোহেল যা বলে দিলেন, তাতে আফ্রিদির ইচ্ছা পূরণ হচ্ছে না।
কেন, সেটির ব্যাখ্যাও দিয়েছেন সোহেল, ‘একজন খেলোয়াড় যখন শেষ ম্যাচ খেলতে চায়, সেটি ঘরের মাঠের দর্শকের সামনেই খেলতে চাইবে। কিন্তু যেহেতু পাকিস্তানে এই মুহূর্তে কোনো আন্তর্জাতিক ক্রিকেট নেই, ঘরের মাঠে দর্শকের সামনে বিদায়ী ম্যাচ ওকে আমরা কীভাবে দেব?’
তাহলে সমাধান? আফ্রিদির সৌজন্যে কোনো প্রদর্শনী ম্যাচ অথবা পিএসএলে খেলেই বিদায়ী ম্যাচের স্বাদ মেটাতে হবে আফ্রিদিকে। পাকপ্যাশনডটনেট।