আফ্রিদিও পারলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সুপারস্টারস ব্যর্থ। শহীদ আফ্রিদিও কি নন?

এবারের বিপিএলে প্রথম ব্যাটিং করতে নেমেই ৬২ রানের একটা ইনিংস খেলেছিলেন। তাতেও দল জেতেনি। বাকি ৩টি ইনিংসে ৪, ১৫ ও ৬। সব মিলিয়ে ৮৭ রান। পাঁচ ম্যাচের তিনটিতেই উইকেটশূন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি সর্বোচ্চ উইকেটের মালিক! বাকি দুই ম্যাচে ৩টি উইকেট। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া সিলেট আর বিবর্ণ আফ্রিদি যেন একে অন্যের প্রতিচ্ছবি।

আফ্রিদি যোগ দেওয়ার আগেই অবশ্য পাঁচ ম্যাচের ৪টিতেই হেরে গেছে সিলেট। ছয় ম্যাচে পঞ্চম পরাজয়ের পর আফ্রিদিকে অধিনায়কত্ব ছেড়ে দিলেন মুশফিকুর রহিম। কিন্তু আফ্রিদিও জিয়নকাঠি হতে পারলেন না! পরের চার ম্যাচের দুটিতে জিতলেও সিলেটের শেষ চারে আর যাওয়া হলো না।

শহীদ আফ্রিদি
শহীদ আফ্রিদি

সিলেট ও নিজের বিপিএল শেষ হয়ে যাওয়ার পর দলগত ব্যর্থতাকেই বড় করে দেখলেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক, ‘আমার মনে হয় ব্যাটিং, বোলিংয়ে আমরা দলের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। কিছু ম্যাচে হয়তো সেটা কাজে লাগাতে পেরেছি, তবে আমাদের ধারাবাহিক থাকা উচিত ছিল। কিন্তু প্রতি ম্যাচেই অনেক ভুল করেছি আমরা।’
কাল কুমিল্লার বিপক্ষে শেষ ম্যাচে হারার কারণটা বললেন আলাদা করে, ‘আমাদের এই ম্যাচটা জিততেই হতো। কিন্তু চতুর্থ থেকে অষ্টম ওভারের মধ্যে আমরা অনেক উইকেট হারিয়ে ফেলি। জুটি গড়তে পারিনি, আমার মনে হয় হারার কারণ সেটাই।’
দলের ব্যর্থতা বাদ দিলে বিপিএলটা উপভোগই করেছেন আফ্রিদি। সে জন্য ধন্যবাদও দিয়েছেন বিসিবিকে, ‘বিসিবি খুব ভালোভাবে টুর্নামেন্টটা আয়োজন করেছে। সে জন্য তাদের কৃতিত্ব দিতেই হবে। আমি নিজেও খুব উপভোগ করেছি।’ প্রশংসা করেছেন তরুণ বাংলাদেশি ক্রিকেটারদের, ‘স্থানীয়দের মধ্যে কিছু খেলোয়াড় আছে খুবই প্রতিভাবান। ড্রেসিংরুমে তাদের সঙ্গটা আমি উপভোগ করেছি। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ হবে ওরাই।’
আফ্রিদির আশা, ভবিষ্যতেও পৃথিবীর সব দেশ থেকেই এই টুর্নামেন্টে আগ্রহ নিয়ে খেলতে আসবেন ক্রিকেটাররা। তবে সেটার জন্য একটা শর্তও দিয়ে রাখলেন, ‘খেলোয়াড়দের সঙ্গে যদি তারা (বিসিবি) টাকাপয়সা-সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করে নেয়।’
‘স্বচ্ছ’ বিপিএলে হঠাৎ এ কথা কেন? উত্তরটা আফ্রিদির মুখ থেকেই শুনুন, ‘কোনো কোনো খেলোয়াড় বলছে এখনো তারা টাকা পায়নি।’ তবে তিনি আস্থা রাখছেন বিসিবির ওপর, ‘বিসিবি এবার খেলোয়াড়দের টাকাপয়সার দায়িত্ব নিয়েছে। আশা করি তারা সমস্যাগুলো দূর করবে।’
পয়েন্ট তালিকা

         ম্যাচ   জয়    হার   পয়েন্ট  নে.রা.রে.

কুমিল্লা   ১০     ৭     ৩    ১৪   ‍+০.৭৮৮

রংপুর   ১০     ৭     ৩    ১৪   ‍+০.৬৯৩

বরিশাল  ১০     ৭     ৩    ১৪   ‍‍+০.০৬৩

ঢাকা     ১০     ৪     ৬     ৮     ‍–০.০১০

সিলেট   ১০     ৩     ৭     ৬     -০.৭১০

চট্টগ্রাম  ১০     ২     ৮     ৪    -০.৮২৮