আফ্রিদিকে ডাকেননি ইনজামাম
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। ১৩ জনের দলে কোনো চমক রাখেননি প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। পূর্ব ঘোষণা অনুযায়ী, পরশুর ঘোষিত দলে অধিনায়ক করা হয়েছে উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদকে। দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি, আহমেদ শেহজাদ ও উমর আকমলের।
আফ্রিদি যে দলে ডাক পাবেন না, সেটি অনুমিতই ছিল। বিশ্ব টি-টোয়েন্টির পর অবসর নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান আফ্রিদি। তখন ইনজামাম জানিয়ে দিয়েছিলেন, এ বছর আর পাকিস্তান দলে আফ্রিদির ডাক পাওয়ার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার দল ঘোষণার সময় সেটাই মনে করিয়ে দিলেন তিনি, ‘আমি আগেও বলেছি, যেহেতু মাত্র একটি ম্যাচ খেলছি, আমরা আফ্রিদিকে বিবেচনায় রাখব না, তবে ঘরোয়া ক্রিকেটে ভালো করলে তাকে আবারও সুযোগ দেওয়া হবে।’ শেহজাদ ও উমরের ক্ষেত্রে কারণটি অবশ্য ভিন্ন, ‘আহমেদ ও উমর যদি শৃঙ্খলায় উন্নতি আনতে পারে, তবে তারাও ভবিষ্যতে বিবেচিত হবে।’
দলের একমাত্র নতুন মুখ অলরাউন্ডার আমাদ বাট। আগামী বুধবার ওল্ড ট্রাফোর্ডে হবে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি। এএফপি।