আফ্রিদিকে দায়িত্ব দিয়ে সরে গেলেন মুশফিক

বরিশাল বুলসের বিপক্ষে মাহমুদউল্লাহর সঙ্গে টস করতে নামলেন শহীদ আফ্রিদি। পাকিস্তানি তারকাকে অধিনায়কের দায়িত্বে দেখে অবাক মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা। দলে থেকেও অধিনায়কত্বে নেই মুশফিক। তবে কী তাঁর কাছ থেকে অধিনায়কের দায়িত্ব কেড়ে নেওয়া হলো?
নানা ধরনের কানাঘুষার মধ্যে আফ্রিদি নিজেই খোলাসা করলেন ব্যাপারটা। টসের পরপরই অধিনায়কের আলাপে জানিয়ে দিলেন, ‘মুশফিক অধিনায়কত্বে স্বচ্ছন্দ নয়। সে দলের মালিককে এ ব্যাপারে বলেছিল।’
সিলেট সুপারস্টারসের অবস্থা প্রতিযোগিতার শুরু থেকেই তথৈবচ। হারের বৃত্তে যেন বন্দী হয়ে আছে দলটি। এখনো পর্যন্ত ছয় ম্যাচে একটি জয় যাদের, তাদের অন্দরমহলে যে নানামুখী কর্মতৎপরতা চলবে, সেটা তো বলাই বাহুল্য। আফ্রিদির হাতে অধিনায়কত্ব তুলে দিয়ে যেন বিপর্যয় থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে সিলেট।
‘আইকন’ খেলোয়াড় হিসেবেই সিলেট সুপারস্টারসে এসেছিলেন মুশফিকুর রহিম। এবারের বিপিএলে একমাত্র ঢাকা ডায়নামাইটস বাদে বাকি সব ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বেই ছিলেন আইকনরা। ঢাকার আইকন নাসির হোসেন হলেও দলটির নেতৃত্ব প্রথম থেকেই তুলে দেওয়া হয়েছে শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারার হাতে। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞাজনিত কারণে একটি ম্যাচে রংপুরের নেতৃত্বে ছিলেন মিসবাহ-উল হক। কিন্তু দলের বাজে পারফরম্যান্সের কারণে অধিনায়কত্ব থেকে একজন ‘আইকনের’ সরে যাওয়াটা একটা বড় ঘটনাই।
আফ্রিদিকে অধিনায়কত্ব দিয়ে সিলেট নিজেদের ভাগ্য বদলাতে পারে কিনা, দেখার বিষয় এখন এটিই।