আফ্রিদির অনুপ্রেরণা
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপটাকে কোনোভাবেই সহজ বলা যায় না। আগামী মার্চ-এপ্রিলে ভারতে অনুষ্ঠেয় ২০ ওভারের বিশ্বকাপে দলটি সঙ্গী হিসেবে পেয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও স্বাগতিক ভারতকে। গ্রুপটা কঠিন, কিন্তু পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি কঠিনকেই ভালোবেসেছেন। বলেছেন, কঠিন গ্রুপটাই তাঁর দলের জন্য অনুপ্রেরণা হবে। সাহায্য করবে বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করতে, সাহায্য করবে অনাস্বাদিত আরেকটি স্বাদ পেতেও।
৫০ ওভার বা ২০ ওভার, বিশ্বকাপ যে ফরম্যাটেই হোক না কেন পাকিস্তান কখনোই হারাতে পারেনি প্রতিবেশী ভারতকে। আফ্রিদির বিশ্বাস, এবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে সেই অসাধ্য সাধন করবে পাকিস্তান, ‘আমাদের জন্য ড্রটা কঠিন হয়েছে। তবে আমি মনে করি এই চ্যালেঞ্জটাই আমাদের শিরোপা জয়ের ও ভারতকে হারানোর অনুঘটক হবে।’
আগে কখনোই হয়নি বলে এবারও হবে না এমনটা ভাবতেই নারাজ আফ্রিদি, ‘আমি ইতিহাস নিয়ে পড়ে থাকতে চাই না। আগে ভারতের সঙ্গে যে ভুল হয়েছে এবার সেগুলো আর হবে না।’ এএফপি।