আফ্রিদির ছক্কার রেকর্ড গেইলের

শহীদ আফ্রিদিকে ক্রিকেট কেন মনে রাখবে? অনেক কারণই আছে, ৪০ বলের নিচেও যে সেঞ্চুরি করা সম্ভব, সেটা দেখানোর জন্য। আবার উইকেটে নেমেই আফ্রিদি দর্শককে নড়েচড়ে বসতে বাধ্য করতেন, এটাও আরেকটি কারণ। হয় ছক্কা না হলে অক্কা—এভাবেই পুরো ক্যারিয়ার কাটানো এক ব্যাটসম্যানকে রেকর্ড বইও মনে রাখে এই দুই কারণে। আন্তর্জাতিক ক্যারিয়ারে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ড হয়তো তাঁর নয়, তবে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডটি আফ্রিদিরই।
শেষ কথাটিতে ক্রিস গেইল আপত্তি করতে পারেন। কারণ, বাংলাদেশের সিরিজ জয়ে অনেকটাই আড়ালে পড়ে গেছে জ্যামাইকান ওপেনারের ৬৬ বলে ৭৩ রানের ইনিংস। সেই ইনিংসে পাঁচবার বল বাউন্ডারি পার হওয়ার আগে মাটিতে পড়তে দেননি গেইল। এই পাঁচ ছক্কাতেই আফ্রিদিকে ছুঁয়ে ফেলেছেন গেইল। আন্তর্জাতিক ক্রিকেটে এখন সমান ৪৭৬টি ছক্কা দুই ব্যাটসম্যানের। তবে আগামী পরশু বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের। এ তিন ম্যাচে আফ্রিদিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ভালোমতোই পাবেন গেইল। অবশ্য গেইল টি-টোয়েন্টি সিরিজে খেলবেন কি না, এ নিয়ে সংশয় আছে।
ছক্কায় দুজনে সমান হলেও আফ্রিদির চেয়ে ৮১ ম্যাচ কম খেলেছেন গেইল (৪৪৩)। আবার আফ্রিদির চেয়ে টেস্ট খেলায় অনেক বেশি এগিয়ে থাকায় ইনিংস ৫টি কম আফ্রিদির (৫০৮)। ফলে ইনিংস-প্রতি ছক্কায় এখনো এগিয়েই থাকছেন আফ্রিদি।
আন্তর্জাতিক ছক্কার রেকর্ডটি হাতছাড়া হতে বসেছে আফ্রিদির। তবে ওয়ানডেতে ছক্কার রেকর্ডটি সম্ভবত তাঁরই রয়ে যাবে। ৩৯৮ ওয়ানডেতে ৩৬৯ ইনিংসে ব্যাট করেছেন পাকিস্তানি অলরাউন্ডার। ওতে ৩৫১টি ছক্কা। অর্থাৎ ইনিংস-প্রতি ০.৯৫টি ছক্কা আফ্রিদির। ২৮৪ ম্যাচে ২৭৯ ইনিংসে ২৭৫টি ছক্কা মেরে পিছিয়ে থাকলেও ইনিংস-প্রতি ছক্কায় এগিয়ে গেইল (০.৯৯)।
টেস্টে আবার উল্টো ঘটনা। ৯৮ ছক্কা মেরে আফ্রিদির (৫২) চেয়ে অনেক এগিয়ে গেইল, কিন্তু আফ্রিদির ৫২ ছক্কা এসেছে ৪৮ ইনিংসে। আর টেস্টে দুই ত্রিশতকের মালিক গেইলের প্রায় সেঞ্চুরি ছোঁয়া ছক্কা এসেছে ১৮২ ইনিংসে।
তবে সবচেয়ে বড় চমক উপহার দিয়েছে টি-টোয়েন্টি। মাত্র ৫২ ইনিংস খেলেই টি-টোয়েন্টিতে রেকর্ড ১০৩ ছক্কা ক্যারিবীয় ওপেনারের। অথচ এই ফরম্যাট যার জন্য সবচেয়ে সুবিধাজনক ভাবা হয়েছিল, সেই আফ্রিদি কিনা ৯১ বার ব্যাট করার সুযোগ পেয়েও মাত্র ৭৩টি ছক্কা মেরেছেন!
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড
৬ | ব্যাটসম্যান | ম্যাচ | ইনিংস |
৪৭৬ | ক্রিস গেইল | ৪৪৩ | ৫১৩ |
৪৭৬ | শহীদ আফ্রিদি | ৫২৪ | ৫০৮ |
৩৯৮ | ব্র্যান্ডন ম্যাককালাম | ৪৩২ | ৪৭৪ |
৩৫২ | সনাৎ জয়াসুরিয়া | ৫৮৬ | ৬৫১ |
৩৪২ | মহেন্দ্র সিং ধোনি | ৫০৪ | ৪৯৮ |