আফ্রিদির দলে খেলবেন তামিম

আইপিএলে পুনে ওয়ারিয়র্সে জায়গা পেয়েছিলেন। কিন্তু সেই অভিজ্ঞতা সুখকর হয়নি। পরে আর ডাকও পাননি। কিন্তু এবার বিপিএলে দুর্দান্ত খেলা তামিম ইকবালকে নিতে ভুল করেনি পাকিস্তান সুপার লিগের দল পেশোয়ার জালমি। এই দলে আছেন শহীদ আফ্রিদিও।
বিপিএলে নয় ম্যাচ খেলে ২৯৮ রান করেছেন তামিম। একমাত্র ব্যাটসম্যান যার ব্যাটে ছিল তিনটি ফিফটি। দল ভালো না করলেও তামিম সাধ্যমতো চেষ্টা করেছেন। বাংলাদেশের পক্ষে টেস্ট-ওয়ানডের সর্বোচ্চ রানের মালিককে গোল্ডেন ক্যাটাগরির খেলোয়াড় বাছাইয়ে দলে নিয়েছে পেশোয়ার। এই ক্যাটাগরির খেলোয়াড়দের দাম ৫০ হাজার ডলার।
পেশোয়ার জালমি দলটা বেশ ভারসাম্যপূর্ণ হয়েছে। আফ্রিদি-তামিম ছাড়াও আছেন ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডানও। কামরান বিপিএলে তামিমের নেতৃত্বে খেলেছেন। হাফিজেরও চট্টগ্রাম দলে খেলার কথা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেটি হয়নি। তবে পিএসএলে তামিম ও হাফিজকে ওপেন করতে দেখা যেতেই পারে।
তামিম তৃতীয় বাংলাদেশি হিসেবে পিএসএলে জায়গা পেলেন। এর আগে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে বেছে নিয়েছে করাচি কিংস ও লাহোর কালান্দার্স।
সংযুক্ত আরব আমিরাতে ৪ ফেব্রুয়ারি শুরু হবে ৫ দলের এই টুর্নামেন্ট। ফাইনাল ২৩ ফেব্রুয়ারি। পাকিস্তানের ১৩৭ ও ১৭১ জন বিদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন খেলোয়াড়দের লটারিতে। বিপিএলের মতোই হবে লটারি। খেলোয়াড়দের প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমার্জিং—এই পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রথম তিনটি ক্যাটাগরি থেকে তিনজন করে খেলোয়াড় নিতে পারবে একেকটি দল। উদীয়মান খেলোয়াড় ক্যাটাগরি থেকে দুজনকে নিতেই হবে। সিলভার ক্যাটাগরি থেকে নেওয়া যাবে পাঁচজন।
কে কোন দলে:
করাচি কিংস: সাকিব আল হাসান, শোয়েব মালিক, সোহেল তানভীর, ইমদাদ ওয়াসিম, রবি বোপারা, লেন্ডন সিমন্স, মোহাম্মদ আমির, বিলওয়াল ভাট্টি, জেমস ভিনস
পেশোয়ার জালমি: তামিম ইকবাল, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডান, জুনায়েদ খান, জিম অ্যালেনবাই
লাহোর কালান্দার্স: মুস্তাফিজুর রহমান, ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, উমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শোয়েব মাকসুদ, কেভন কুপার, ক্যামেরন ডেলপোর্ট
ইসলামাবাদ ইউনাইটেড: শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল, মিসবাহ-উল-হক, স্যামুয়েল বদ্রি, মোহাম্মদ ইরফান, ব্র্যাড হাডিন, সার্জিল খান, মোহাম্মদ সামি, খালিদ লতিফ
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স: কেভিন পিটারসেন, সরফরাজ আহমেদ, আহমেদ শেহজাদ, আনোয়ার আলী, জেসন হোল্ডার, লুক রাইক, জুলফিকার বাবর, উমর গুল, এলটন চিগুম্বুরা
আরও পড়ুন: