আফ্রিদির বিচক্ষণতায় বিস্মিত কোচ!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবশেষে বিদায় নিয়েছেন শহীদ আফ্রিদি। ৩৯ বছরের শেষভাগে থাকা আফ্রিদির মূল্য তবু কমেনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। পাকিস্তান সুপার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে এখনো বেশ আকর্ষণীয় খেলোয়াড় আফ্রিদি। কারণ, ব্যাটে ঝড় তোলার সঙ্গে সঙ্গে খুবই কার্যকর লেগ স্পিন করতে পারেন। তবে গতকাল আফ্রিদি চমকে দিয়েছেন তাঁর কোচকেও।
গতকাল মাত্র ১২৭ তাড়া করতে নেমেও বিপাকে পড়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। শুধু তামিম ইকবালই একপ্রান্ত ধরে রেখেছিলেন। ১৭তম ওভারে একটি ছক্কা মেরে দলের চাপ কমানোর কাজটা শুরু করেছিলেন আফ্রিদি। কিন্তু তৃতীয় বলেই করেছেন বড় এক ভুল। বোঝাবুঝির ভুলে রান আউট হয়ে যান তামিম। সিলেট সিক্সার্সের বিপক্ষে মহা বিপদে পড়ে গিয়েছিল কুমিল্লা। ২১ বলে ৩০ রান অসম্ভব লক্ষ্য না হলেও প্রতিষ্ঠিত ব্যাটসম্যান ছাড়া কঠিন তো বটেই। বিশেষ করে উইকেটে যখন আফ্রিদি। পরিস্থিতি না বুঝে আউট হওয়ার জন্য ক্যারিয়ার জুড়েই বিখ্যাত যিনি।
কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন স্বীকার করেছেন, তামিম আউট হওয়ার পর দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন তারা। কারণ, ওই পরিস্থিতি শট খেলার চেয়েও মাথা ঠান্ডা রেখে খেলাটা গুরুত্বপূর্ণ ছিল, ‘টুর্নামেন্টের শুরুর ম্যাচে প্রতিটি দলই একটু চাপে থাকে। আমরাও একটু নার্ভাস ছিলাম এটা অস্বীকার করার কিছু নেই। আফ্রিদি এতটা বিচক্ষণতার সঙ্গে খেলবে এটা কখনোই ভাবিনি।’
সবাইকে বিস্মিত করে মোহাম্মদ সাইফউদ্দীনকে নিয়ে ঠিকই ঠান্ডা মাথায় ইনিংসকে টেনে নিয়েছেন আফ্রিদি। অযথা ঝুঁকি না নিয়ে ম্যাচ শেষ করেছেন শেষ ওভারের পঞ্চম বলে। ২৫ বলে ৩৯ রানের ইনিংস খেলা ম্যাচ সেরা হয়েছেন আফ্রিদি। অবশ্য পাকিস্তানি অলরাউন্ডার নাকি আগেই কোচকে জানিয়েছেন, এবার ঠান্ডা মাথার আফ্রিদিকেই নাকি দেখা যাবে বিপিএলে, ‘আমার মনে হয় ও অনেক অভিজ্ঞ। সে নিজেও বলছিল এখন সে অনেক ঠান্ডা মাথায় ব্যাটিং করে। আশা করব আফ্রিদি পুরো টুর্নামেন্টে এভাবে বিচক্ষণতার সঙ্গে খেলবে।’