আফ্রিদির ভারতপ্রেম, অতঃপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাটা কেন বলেছেন তিনিই ভালো জানেন। হয়তো ভদ্রতা করে বলা, বেড়াতে গিয়ে অতিথিরা যেমনটা বলেন গৃহকর্তাকে। হয়তো মন জোগাতেই বলেছেন। কিন্তু ‘পাকিস্তানের চেয়ে বেশি ভালোবাসা ভারতে পাই’—শহীদ আফ্রিদির এই মন্তব্য পাকিস্তানের অনেকেই হজম করতে পারছে না। পাকিস্তান অধিনায়ককে উকিল নোটিশও পাঠানো হয়েছে। নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। খেপেছেন সাবেকদের কেউ কেউ। জাভেদ মিয়াঁদাদ তো আফ্রিদির এই মন্তব্যকে বলেছেন ‘লজ্জাজনক’।
দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন, পাকিস্তানের ভারত সফরের অনিশ্চয়তা, বিশ্বকাপ বয়কটের আশঙ্কা—এসব পেরিয়ে আফ্রিদির দল ভারতে এসেছে। স্বাভাবিকভাবেই ভারতে আসলেই তাঁরা অনিরাপদ বোধ করেন কি না—এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। এর উত্তরে আফ্রিদি বলে বসেন, এখানে সব সময়ই মানুষদের ভালোবাসা পেয়েছেন। এমনকি পাকিস্তানেও নাকি এমন ভালোবাসা পাননি।
আফ্রিদির কথাটাই ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে পাকিস্তানে। পাকিস্তানের সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে অনেক নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। এটিকে দেখা হচ্ছে ‘অযাচিত ভারতপ্রেম’ হিসেবে। এবার জুডিশিয়াল অ্যাকটিভিজম প্যানেল নামে পাকিস্তানের লাহোরভিত্তিক একটি সংগঠন লিগ্যাল নোটিশও পাঠাল। সংগঠনটির বক্তব্য, আফ্রিদির মন্তব্য পুরো পাকিস্তানের আবেগকে আহত করেছে।
১৫ দিনের মধ্যে আফ্রিদিকে এ ব্যাপারে জবাব দিতে বলা হয়েছে। তা না হলে নেওয়া হবে আইনি পদক্ষেপ। পরামর্শ দেওয়া হয়েছে, রাজনৈতিক মন্তব্য না দিয়ে আফ্রিদি যেন ক্রিকেটে মন দেন।
দেশটির সাবেক ক্রিকেটারদের একটি অংশ এটি নিয়ে এত মাতামাতি, শোরগোল করার বিপক্ষে। এটিকে তাঁরা ভদ্রতা করে বলা নিছক ‘কথার কথা’ হিসেবেই নিয়েছেন। তা ছাড়া এই কথাটিকে ‘ইস্যু’ বানানো দলের জন্য নেতিবাচক প্রভাব বয়ে আনবে বলেও তাঁদের মত।
কিন্তু মিয়াঁদাদদের মতো কেউ কেউ মনে করেন, আফ্রিদির বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, কেন তিনি এমনটা বললেন। ‘বড়ে মিয়াঁ’ প্রশ্ন তুলেছেন, ভারত কী এমন করেছে যে আফ্রিদি আহ্লাদে গদগদ, ‘ভারত আমাকে কী দিয়েছে? ভারতে থাকার সময়েও সত্যি কথাই বলো। গত পাঁচ বছরে পাকিস্তানের ক্রিকেটের জন্য ওরা কী এমন করেছে বা দিয়েছে? পাকিস্তানের হয়ে এত দিন খেলা আমার জন্য আমাদের খেলোয়াড়দের কাছ থেকে এমন মন্তব৵ শোনা বিস্ময়কর ও অপমানের।’
বেশ কিছুদিন ধরেই আফ্রিদির ওপর চটে থাকা মিয়াঁদাদ বলেছেন, ‘এত বকবক করার কী আছে। ওরা ভারতে খেলতে গেছে, সেটাই করুক।’ শুধু আফ্রিদি নয়, ‘ভারতের জামাই’ শোয়েব মালিকের ওপরও চটেছেন এঁরা। সাবেক ক্রিকেটার মহসিন খান যেমন বললেন, ‘এই দুজন সিনিয়র ক্রিকেটার। সতর্ক হয়েই এদের কথা বলা উচিত মিডিয়ার সঙ্গে, বিশেষ করে ওরা যখন ভারতে সফর করছে।’ ক্রিকেটনেক্সট।