আবার উইন্ডিজ দলে কাইরান পাওয়েল

যুক্তরাষ্ট্রে বেসবলে ক্যারিয়ার গড়তে বছর তিনেক আগে ক্রিকেট ছেড়েছিলেন কাইরান পাওয়েল। সেই স্বপ্ন বিসর্জন দিয়ে গত বছরই আবার ক্রিকেটে ফিরেছেন ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে জোড়া সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যান। বছর ঘুরতে না ঘুরতেই আবারও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলেও জায়গা করে নিলেন। পাওয়েল সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০১৪ সালের জুনে।
২১ এপ্রিল শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান প্রথম টেস্ট। ২৭ বছর বয়সী পাওয়েল সুযোগ পেয়েছেন এই ম্যাচের ১৩ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দলে। দলে একেবারে নতুন মুখ বিশল সিং ও শিমরন হেটমায়ার। দুজনই ব্যাটসম্যান। ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেটমায়ার বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান। ২৮ বছর বয়সী বিশলও বাঁহাতি, তবে ব্যাট করেন মিডল অর্ডারে।
পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রেসিডেন্টস একাদশের তিন দিনের প্রস্তুতি ম্যাচে ভালো করার পুরস্কার পেলেন এই ত্রয়ী। পরশু শেষ হওয়া গায়ানার ওই ম্যাচের দুই ইনিংসে পাওয়েল করেছেন ৫৮ ও অপরাজিত ৮৪। প্রথম ইনিংসে ১৩৫ রানে অপরাজিত ছিলেন বিশল। দুই ইনিংসে হেটমায়ার করেছেন ৯৭ ও ২২ রান। পাকিস্তানকে ১৯২ রানে অলআউট করে ক্যারিবীয়রা প্রথম ইনিংসে ২২৭ রানের লিড পেলেও ম্যাচ শেষ পর্যন্ত ড্র হয়েছে।
গত অক্টোবর-নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েছেন মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো ও লিওন জনসন। আইসিসি।
প্রথম টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, ক্রেইগ ব্রাফেট, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডাউরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, কাইরান পাওয়েল, বিশল সিং।