আবার একসঙ্গে ওয়াসিম-ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানিং কেডস পরে আবারও মাঠে নামছেন ওয়াকার ইউনিস! কোমরে গুঁজে রাখা সাদা তোয়ালেতে ঘষে বল ছুড়ে দেবেন ওয়াসিম আকরাম! ভাবছেন ৯০’র দশক ফিরে এল কী করে? 

না, অবসর ভেঙে খেলায় ফিরছেন না কেউই। কিন্তু কল্পিত দুটি দৃশ্যই সত্যি হতে পারে পিএসএলের পরের সংস্করণে। নতুন ফ্র্যাঞ্চাইজি ‘মুলতান সুলতানসে’র দায়িত্ব নিচ্ছেন পাকিস্তানের দুই কিংবদন্তি। আগস্টের তৃতীয় সপ্তাহে করাচিতে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করা হতে পারে।
ফ্র্যাঞ্চাইজি মালিক ‘দ্য শোন গ্রুপ’ জুনে ওয়াকার ইউনিসকে প্রস্তাব করেন। পাকিস্তানের হয়ে দুই দফা হেড কোচের দায়িত্ব পালন করা এই সাবেক ফাস্ট বোলার পিএসএলের প্রথম দুই আসরে কোচিং করাননি। কিন্তু এবার ষষ্ঠ দলের অন্তর্ভুক্তিতে দায়িত্ব নেবেন নতুন দলের। অন্যদিকে আকরাম এর আগের দুই আসরেই কোচিং করিয়েছেন ইসলামাবাদ ইউনাইটেডকে। প্রথম আসরে শিরোপাও জিতেছিলেন। কিন্তু পরের আসরে খালিদ লতিফ, মোহাম্মদ ইরফানদের দুর্নীতি কেলেঙ্কারিতে লজ্জাজনক সমাপ্তি ঘটে সে দলের। সদ্য-সাবেক অধিনায়ক মিসবাহ উল হক এবার নিতে পারেন ইউনাইটেডের দায়িত্ব। আকরাম এবার কিন্তু আর কোচিং করাবেন না। ‘সুলতান অব সুইং’-এর পদের নাম ক্রিকেট অপারেশন ডিরেক্টর।
৯০ ’র দশকে ব্যাটসম্যানদের ত্রাস ছিলেন ‘টু ডব্লিউ’। ওয়ালশ-অ্যামব্রোস আর ব্রড-অ্যান্ডারসন জুটির পর ইতিহাসের তৃতীয় সফলতম বোলিং জুটি এ দুজন। এক সঙ্গে ৬১ টেস্ট খেলেছেন, উইকেট নিয়েছেন ৫৫৯টি। তাতে ওয়াকারের অবদান ২৭৭ আর ওয়াসিম নিয়েছেন ২৮২ টি।
ক্যারিয়ারের নতুন পার্টনারশিপে কতটা সফল হবেন ‘টু ডব্লিউ’? নাকি খেলোয়াড়ি জীবনের চাপা রেষারেষি জেগে উঠবে আবার? সূত্র: ক্রিকইনফো।