আবার একে স্টেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝে বেশ কিছুদিন চোট বেশ ভুগিয়েছে। ২০১৫-১৬ মৌসুমে দক্ষিণ আফ্রিকার আটটি টেস্টের ছয়টিতেই খেলতে পারেননি ডেল স্টেইন। তখন মনে হচ্ছিল ‘স্টেইন-গানে’র গুলি বুঝি ফুরিয়ে এল! কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে দক্ষিণ আফ্রিকান পেসার ফিরলেন দারুণভাবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া দুই টেস্টের সিরিজে ১০ উইকেট! এর মধ্যে সেঞ্চুরিয়নে ৯৯ রানে ৮ উইকেট নিয়ে স্টেইন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি বোলারদের তালিকায় ছাড়িয়ে গেছেন ওয়াসিম আকরামকে। ১০৪ টেস্টে ৪১৪ উইকেট নিয়েছিলেন আকরাম, ৮৪ টেস্টে এখন স্টেইনের উইকেট ৪১৬টি। এখনো খেলছেন এমন পেসারদের মধ্যে স্টেইনের সামনে আছেন শুধু জেমস অ্যান্ডারসন (১১৯ টেস্টে ৪৬৩ উইকেট)।

শুধু কিংবদন্তি পাকিস্তানি পেসারকে ছাড়িয়ে যাওয়াই নয়, ২০১৫ সালের ডিসেম্বরের পর আবার টেস্ট র‍্যাঙ্কিংয়ের এক নম্বর বোলারও হয়েছেন স্টেইন। সবকিছু মিলিয়ে খুবই উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকান পেসার, ‘আমি আসলে খেলতে চাই। তবে আর এক মাস খেলব, না চার বছর খেলব সেটি বলতে পারছি না। কিন্তু কোনো সন্দেহ নেই যে আমি টেস্ট উপভোগ করি। মনে হয়, এটির জন্যই আমি পৃথিবীতে এসেছি।’ ক্রিকইনফো।