আবার এগিয়ে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর ফিঞ্চ l ক্রিকইনফো
সেঞ্চুরির পর ফিঞ্চ l ক্রিকইনফো

আজ আমির, কাল ভিখারি। ক্রিকেট অভিধানে বহুল চর্চিত বাক্যটিই আবার লিখতে বাধ্য করল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পার্থের প্রথম ওয়ানডেতে ৩০০ রান করার পর ৩২ রানে জয়। দুই দিন পর একই ভেন্যু দেখল হতশ্রী এক অস্ট্রেলিয়াকে। এবার অস্ট্রেলিয়া ১৫৪ রানে অলআউট, ফল ১৩৪ বল হাতে রেখেই দক্ষিণ আফ্রিকার জয়। তিন দিন পর কাল ক্যানবেরায় সেই অস্ট্রেলিয়াই দেখা দিল সর্বজয়ী রূপে। দুর্দান্ত ব্যাটিংয়ে ৩২৯ রান তোলার পর সিরিজের তৃতীয় ওয়ানডেটা স্বাগতিকেরা ৭৩ রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ২-১ ব্যবধানে।
নিয়মিত অধিনায়ক মাইকেল ক্লার্ককে ছাড়াই ডেল স্টেইন, ভারনন ফিল্যান্ডার ও মরনে মরকেলদের বিপক্ষে ৩০০ রান করা। এরপর ফাস্ট বোলার মিচেল জনসনকে বাইরে রেখে হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সদের ব্যাটিং সামাল দেওয়া। জয়টাকে দুর্দান্তই বলতেই হয়।
তবে স্কোর কার্ড দেখে সহজটাকে সহজও বলা যাবে না। আমলা ও ডি ভিলিয়ার্স যতক্ষণ উইকেটে ছিলেন, ৩২৯ রানকেও যথেষ্ট মনে হচ্ছিল না। ৩৪ বলে ৫২ রান করেছেন ডি ভিলিয়ার্স। ওয়ানডে ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি পেয়েছেন আমলা। ৩৮ ও ৩৯তম ওভারে ৫ বলের ব্যবধানে এই দুজনের বিদায়ের আগে ভালোভাবেই ম্যাচে ছিল দক্ষিণ আফ্রিকা। ৩ উইকেটে ২২৪ রান থেকে সাত ওভারের মধ্যেই প্রোটিয়ারা অলআউট ২৫৬ রানে। অবশ্য ফিল্ডিংয়ে চোট পাওয়া ইমরান তাহির ব্যাট করতে পারেননি।
এর আগে দুই ওপেনার অ্যারন ফিঞ্চ (১২৭ বলে ১০৯) ও ডেভিড ওয়ার্নারের (৫০ বলে ৫৩) গড়ে দেওয়া ভিত্তির ওপর দাঁড়িয়ে বিস্ফোরক এক ইনিংস খেলেছেন ম্যাচসেরা স্টিভেন স্মিথ (৫৫ বলে অপরাজিত ৭৩)। শেষ ৫ ওভারে অস্ট্রেলিয়া তুলেছে ৬২ রান।
সিরিজের চতুর্থ ওয়ানডে আগামীকাল মেলবোর্নে। এএফপি।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ৩২৯/৫ (ফিঞ্চ ১০৯, ওয়ার্নার ৫৩, ওয়াটসন ৪০, স্মিথ ৭৩*, বেইলি ১২, মার্শ ২২, ওয়েড ৮*; মরকেল ২/৮৪, ফিল্যান্ডার ১/৭০, স্টেইন ০/৫৩, বেহারডিয়েন ১/৩৯, তাহির ০/৪০, ডি ভিলিয়ার্স ১/৪২)। দক্ষিণ আফ্রিকা: ৪৪.৩ ওভারে ২৫৬ (আমলা ১০২, ডি কক ৪৭, ডু প্লেসি ১৭, রুশো ২, ডি ভিলিয়ার্স ৫২, বেহারডিয়েন ১২, মিলার ৩, ফিল্যান্ডার ১, স্টেইন ১২, মরকেল ০*, তাহির অনুপস্থিত; স্টার্ক ৪/৩২, হ্যাজলউড ৩/৫১, ওয়াটসন ০/৪৭, রিচার্ডসন ১/৪৯, ডোহার্টি ০/৩১, মার্শ ১/৪১)।
ফল: অস্ট্রেলিয়া ৭৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: স্টিভেন স্মিথ।