আবার ওয়াকারকে রাজ্জাকের তোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের জার্সি গায়ে সর্বশেষ খেলেছিলেন ২০১৩ সালের নভেম্বরে, দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে। ওয়ানডে আর টেস্ট দলে তারও অনেক আগে থেকে ব্রাত্য আবদুল রাজ্জাক। বয়স ৩৫ পেরিয়ে গেছে তাই পাকিস্তানের হয়ে খেলার সম্ভাবনাও আর নেই বললেই চলে। ক্যারিয়ারটা এভাবে শেষ হয়ে যাওয়ার জন্য পাকিস্তানি অলরাউন্ডার আরও একবার দায়ী করলেন কোচ ওয়াকার ইউনিসকে। শুধু তাই নয়, রাজ্জাকের ধারণা, পাকিস্তানের সিনিয়র খেলোয়াড়দের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার ‘গোপন এজেন্ডা’ নিয়েই কোচের দায়িত্ব নিয়েছেন ওয়াকার!
পাকিস্তানের দৈনিক ডনকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্জাক বলেছেন, ‘সিনিয়র খেলোয়াড়দের বিপক্ষে ওয়াকার ইউনিসের গোপন এজেন্ডা রয়েছে। এ জন্য তিনি কোচ হওয়ার পরপরই দলের সিনিয়র খেলোয়াড়দের বাদ দিয়েছেন এবং তাঁদের ক্যারিয়ার ধ্বংস করেছেন। ২০১১ সালে তিনি যখন প্রথম আমাদের কোচ হন, তখন আমাকে ও মোহাম্মদ ইউসুফকে টার্গেট করেন। ইউসুফ তো তার কোচ হওয়ার পর পাকিস্তানের হয়ে আর কখনো খেলার সুযোগই পায়নি। এমনকি শোয়েব আখতারও তার কারণে অবসর নিতে বাধ্য হয়েছে।’
সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত ওয়াকারের মানসিকতার কোনো পরিবর্তন হয়নি বলেও মনে করেন রাজ্জাক। আর এ কারণেই নাকি এখন আহমেদ শেহজাদ ও উমর আকমলের মতো খেলোয়াড়দের পেছনে লেগেছেন ওয়াকার। কোচ হিসেবে ওয়াকারকে অযোগ্য দাবি করে রাজ্জাক বলেছেন, ‘তাকে না বদলালে পাকিস্তান ক্রিকেটের জন্য দুর্দশা অপেক্ষা করছে।’ দ্য ডন।