আবার করপোরেট ক্রিকেট নিয়ে 'থ্রি ক্রিকস'
২০১২ সালের ফেব্রুয়ারিতে ‘থ্রি ক্রিকস’ গড়েছিলেন জাতীয় দলের সাবেক তিন ক্রিকেটার আকরাম খান, আতহার আলী খান ও খালেদ মাসুদ। উদ্দেশ্য ছিল ক্রিকেটের জন্য কিছু করা। এখন পর্যন্ত অবশ্য সেটি শুধু টুর্নামেন্ট আয়োজনেই সীমাবদ্ধ আছে। ‘থ্রি ক্রিকসে’র আয়োজনে ৩ ফেব্রুয়ারি আবারও শুরু হচ্ছে অলিম্পিক মিল্ক প্লাস ইনডোর করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট।
‘থ্রি ক্রিকস’ এর আগেও দুটি আন্তবিশ্ববিদ্যালয় এবং একটি করপোরেট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে। তাদের ডাকে সাড়া দিয়ে দেশের করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহটা যেন দিন দিন বাড়ছে। আগের করপোরেট টুর্নামেন্টে যেখানে অংশ নিয়েছিল ১৬ দল, এবার খেলছে ৩২টি করপোরেট প্রতিষ্ঠান। খেলা হবে আট গ্রুপে। এরপর সুপার সিক্সটিন, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। ফাইনাল ৭ ফেব্রুয়ারি। ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ ও রানার্সআপ দল ২ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার মোটরসাইকেল, ভেন্যু মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম।
কাল এক সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন আয়োজকেরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আকরাম খান, আতহার আলী খান, খালেদ মাসুদ এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক কাজী তৌহিদুজ্জামান।