আবার কোহলির ‘গোল্ডেন ডাক’, দলও ডুবল লজ্জায়
সর্বশেষ ম্যাচে ব্যাটের ছোঁয়া নিয়ে যখন বল পয়েন্টে চলে গেল, তখন বিরাট কোহলির অভিব্যক্তি ছিল দেখার মতো। নিজের এমন দুর্ভাগ্য দেখে নিজেই হেসেছিলেন, ভয়ংকর বাজে ফর্মের মধ্যে এভাবে গোল্ডেন ডাক!
আজও হেসেছেন। সেদিন তাঁর আউটে বোলারের কিছুটা কৃতিত্ব ছিল, ছিল দুর্ভাগ্যের অবদান। আজ মার্কো ইয়ানসেনের বলে যখন স্লিপে ক্যাচ দিয়েছেন, তাতে পুরোটাই তাঁর দায়। সোজা বলে না নড়ে খোঁচা মারতে গিয়ে প্রথম বলেই আবার আউট কোহলি। টানা দুই ম্যাচে কোহলির গোল্ডেন ডাক পাওয়ার বিস্ময় অবশ্য ইনিংস শেষ হতে হতে লাপাত্তা।
আগের দিন কোহলিকে ছাড়াই তাঁর দল ১৮১ রান পেয়েছিল। আজ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬৮ রানেই গুটিয়ে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জবাবে ৭২ বল হাতে রেখে ৯ উইকেটের জয় পেয়েছে হায়দরাবাদ।
সেদিন বেঙ্গালুরুকে টেনেছিলেন ৯৬ রান করা ফাফ ডু প্লেসি। আজ ডু প্লেসির বিদায়ের পরই নামায় মূল দায়িত্ব ছিল কোহলিরই। সেই কোহলিই যখন শূন্য রানে ফিরেছেন, তখন ধস নামার শঙ্কা জেগেছিল। ৮ রানের মধ্যে টপ অর্ডারকে বিদায় করে দিয়েছেন ইয়ানসেন। গ্লেন ম্যাক্সওয়েল বা দুর্দান্ত ফর্মে থাকা দীনেশ কার্তিকের ওপর ভরসা কর দলটিকে আজ হতাশ হতে হয়েছে।
শীর্ষ ছয় ব্যাটসম্যানই আজ হয় বোল্ড হয়েছেন , না হলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। নটরাজন, উমরান মালিক ও জগদীশ সুচিতদের সামনে মাত্র ৬৮ রানেই গুটিয়ে গেছে বেঙ্গালুরু। ইনিংসের ২৩ বলই অব্যবহৃত রয়ে গেছে তাদের।
এতে নিজেদের একটি রেকর্ড ভেঙেছে হায়দরাবাদ। আইপিএলে এটা তাদের সেরা বোলিং দাপট। ২০১৩ সালে দিল্লি ডেয়ারডেভিলসকে ৮০ রানে গুটিয়ে দেওয়ার রেকর্ড থেকে ১২ রান ছেঁটে ফেলেছে দলটি।
হায়দরাবাদের আনন্দের উল্টোদিকেই আছে বেঙ্গালুরুর হতাশা। আইপিএলে সর্বনিম্ন রানের রেকর্ডটি তাদের। ২০১৭ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৯.৪ ওভারে মাত্র ৪৯ রানে গুটিয়ে গিয়েছিল তারা। আজ ৪৯ রানে ৭ উইকেট হারানো বেঙ্গালুরু পরের ৩ উইকেটে আরও ১৯ রান যোগ করেছে। তাতে কোনোমতে শীর্ষ পাঁচ এড়াতে পেরেছে দলটি।
বেঙ্গালুরু ৪৯ রানের পর বাকি চারটি স্কোর ভাগাভাগি করে নিয়েছে তিন দল। ২০০৯ সালে এই বেঙ্গালুরু বিপক্ষেই ৫৮ রানে অলআউট হয়েছিল রাজস্থান রয়্যালস। ২০১৭ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস ও কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৬৬ ও ৬৭ রানে অলআউট হয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। আর প্রথম আইপিএলে মুম্বাইয়ের বিপক্ষে ৬৭ রানে থেমেছিল কলকাতা।
মাত্র ৬৯ রানের লক্ষ্য অনায়াসে পেরিয়ে গেছে হায়দরাবাদ, কেন উইলিয়ামসন তবু একটু রয়েসয়ে ব্যাট করেছেন, অন্যদিকে অভিষেক শর্মা ঝড় তুলেছেন। ২৮ বলে ৪৭ করে আউট হয়েছেন শর্মা।