আবার ক্রিকেটে ডাচ্-বাংলা ব্যাংক
বাংলাদেশের অভিষেক টেস্টের স্পনসর ছিল ডাচ্-বাংলা ব্যাংক। আগামী দুই বছর অনেকবারই উচ্চারিত হবে নামটি। এই সময়ে বাংলাদেশে অনুষ্ঠেয় সব সিরিজের টাইটেল স্পনসর এই ব্যাংক। শুরু হচ্ছে আফগানিস্তান সিরিজ দিয়ে। কাল দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন শেষে উন্মোচন করা হয়েছে ‘রকেট ডাচ্- বাংলা মোবাইল ব্যাংকিং’ সিরিজের লোগো।
১ সেপ্টেম্বর ২০১৬ থেকে ৩১ আগস্ট ২০১৮ আগামী দুই বছরে বাংলাদেশের হোম সিরিজের সব ধরনের স্পনসরশিপ স্বত্ব পেয়েছে ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়াম। তাদের কাছ থেকেই টাইটেল স্পনসরশিপের স্বত্ব কিনে নিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। যাঁর অর্থ, দুই বছরে দেশে সব সিরিজের সঙ্গেই জড়িয়ে থাকবে তাদের নাম। এই সময়ে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজের পর আগামী বছরে জুলাইয়ে পাকিস্তান, আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া, ২০১৮ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কা ও ফেব্রুয়ািরতে শ্রীলঙ্কা-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজও আছে সম্ভাব্য তালিকায়।
স্পনসরশিপ চুক্তি প্রসঙ্গে বিসিবির বিপণন ও বাণিজ্যিক কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানালেন, ‘প্রাথমিকভাবে ১৫টি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছিল। নিলামে সর্বোচ্চ দর হাঁকানো প্রতিষ্ঠানকে আমরা বেছে নিয়েছি। যেহেতু দল ভালো করছে, টাকার পরিমাণও আগের চুক্তির চেয়ে ৪০ শতাংশ বেড়েছে।’ একটি সূত্রে জানা গেছে, টাকার পরিমাণটা প্রায় ২৫ কোটি টাকা।
সংবাদ সম্মেলনে ছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা ও ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী শামসি তাবরেজ।