আবার ক্রিকেটে ফিরছেন ক্লার্ক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবারও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন ক্লার্ক? ছবি: এএফপি
আবারও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন ক্লার্ক? ছবি: এএফপি

অ্যাশেজের পরপরই ক্রিকেটকে বিদায় বলেছিলেন মাইকেল ক্লার্ক। ক্রিকেট থেকে দূরে, পরিবারের সঙ্গে সময়টাও মন্দ কাটছে না তাঁর। কিন্তু তিনি নিশ্চিত, যে ক্রিকেটের সঙ্গে তাঁর দীর্ঘ যুগের সখ্য, সেটাকে খুব দ্রুতই মিস করবেন তিনি।
নিউজিল্যান্ডের নিউজ পোর্টাল স্টাফডটকমকে কিছু দিন আগেই সাবেক হওয়া এই অস্ট্রেলীয় অধিনায়ক বলেছেন, ‘ক্রিকেটের বাইরে এই সময়টাকে সত্যিই বেশ উপভোগ করছি। তবে আমি নিশ্চিত একটা সময় আসবে যখন খেলাটিকে বেশ মিস করব।’
তাহলে কী আবারও ক্রিকেটে ফিরবেন তিনি? অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক নিজেই বলেছেন, সে ক্ষেত্রে ক্রিকেটে ফিরতে দ্বিধা করবেন না তিনি, ‘যদি তেমন কিছু হয়, আমি অবশ্যই ফিরে আসব। সেটা গ্রেড ক্লাবের হয়ে হোক, কিংবা টি-টোয়েন্টি, কে জানে। অতদূর এখনো চিন্তা করিনি।’
ক্লার্ক অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারটা ভাবছেন না। ৩৪ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার হয়তো ফিরবেন ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে। সেটা তাঁর রাজ্য দলের (অস্ট্রেলিয়ান গ্রেড ক্রিকেট) হয়েও হতে পারে, কিংবা অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশেও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ক্লার্ক।
গত আগস্টে ইংল্যান্ডের কাছে অ্যাশেজে হারার পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ক্লার্ক। ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশে মেলবোর্ন স্টারসকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ‘শরীর ও মনের আরও সময় লাগবে’ জানিয়ে খেলেননি ক্লার্ক।
সেই শরীর ও মনের খোরাকের জন্যই ক্লার্ক ক্রিকেটে ফিরলে অবাক হওয়ার সত্যিই কিছু থাকবে না।