আবার গিবস
প্রতিভাবান কিন্তু খ্যাপাটে। বাক্যটা যে তাঁর সঙ্গে দারুণভাবে মানিয়ে যায়, সেটার আরেকটি প্রমাণ দিলেন হার্শেল গিবস। দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান এবার মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন। এরপর পুলিশের হাতে আটক হয়ে হাজতবাসও করতে হয়েছে ৪০ বছর বয়সী ক্রিকেটারকে। গিবসের বিপক্ষে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ। তদন্ত করা হচ্ছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিয়েও। পরশু সন্ধ্যায় কেপটাউনের উপকণ্ঠে ক্যাম্পস বে এলাকায় একটি টয়োটা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় মাত্রাতিরিক্ত গতিতে চলা গিবসের গাড়ির। অবশ্য কেউ হতাহত হননি।
গিবসের নাম না বললেও ওয়েস্টার্ন কেপ পুলিশের মুখপাত্র এফসি ফন উইক জানিয়েছেন, ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এবং তাঁকে আগামী বছরের নভেম্বরের ২৫ তারিখে কেপটাউনের ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে হবে। গিবসের বিরুদ্ধে অবশ্য এ অভিযোগ নতুন কিছু নয়। ২০০৯ সালে মাদক পুনর্বাসন কেন্দ্র ঘুরে আসা গিবস ২০০৮ সালেও একবার পুলিশের হাতে আটক হয়েছিলেন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে। তথ্যসূত্র: স্পোর্ট২৪, ডিএনএ।