পরশু বিকেলটা তাহলে ভুলই বুঝিয়েছিল! সিরিজে প্রথমবারের মতো ওপেনিং জুটিতে সেঞ্চুরি, দ্বিতীয় দিন শেষে মাত্র ১ উইকেট হারিয়ে ১৬২ রান। লর্ডস টেস্টের দ্বিতীয় দিন আশাবাদী করে তুলেছিল অ্যাঞ্জেলো ম্যাথুসকে। হতাশার সিরিজে অবশেষে মিলতে যাচ্ছে আলোকচ্ছটা! আশার বেলুন চুপসে যেতে সময় লাগল না। আবারও চেনা রূপে ফিরল শ্রীলঙ্কার ব্যাটিং।
কাল দিনের খেলা শুরু হতে না-হতেই শ্রীলঙ্কান মিডল অর্ডার ধ্বংসস্তূপ। ১৬২ থেকে ১৬৯—৭ রানে নেই ৩ উইকেট। মধ্যাহ্নবিরতির আগে ৫৬ রান করতেই ৫ উইকেট হারিয়ে ফেলল শ্রীলঙ্কা। সপ্তম উইকেটে কুশল পেরেরা ও রঙ্গনা হেরাথের ৭১ রানের জুটি কিছুক্ষণের জন্য স্বস্তি অবশ্য দিয়েছিল। কিন্তু হেরাথ ফিরে যাওয়ার পর আবারও পুরোনো রূপ, ১২ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ২৮৮ রানে অলআউট শ্রীলঙ্কা।
১২৮ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডও স্বস্তিতে নেই। চোট অধিনায়ক অ্যালিস্টার কুককে ব্যাটিংয়ে নামতে দেয়নি। তাঁর পরিবর্তে ওপেনিংয়ে নেমেছিলেন নিক কম্পটন। কম্পটনের বাজে ফর্ম চলল কালও, ১৯ রান করে ফিরে গেছেন। ইংল্যান্ডও অস্বস্তি নিয়ে দিন শেষ করেছে, ১০৯ রানে খুইয়েছে ৪ উইকেট। ক্রিকইনফো।