আবার তামিমের চোট
পূর্বাঞ্চল সতীর্থরা যখন গা-গরম করছেন, তিনি তখন ড্রেসিংরুমে বসে। গায়ে সাধারণ পোশাক। দলের দুই ওপেনার যখন ব্যাটিংয়ে নামছেন, তিনি তখন বাসার পথ ধরছেন। চোট নিয়ে আবারও মাঠের বাইরে তামিম ইকবাল!
চোট যেন তাঁর পিছুই ছাড়ছে না। গত বছর দুয়েক নানা সময়ে সঙ্গী হয়েছে চোট। বাঁ হাঁটুতে অস্ত্রোপচার করিয়ে বিশ্বকাপ খেলেছেন সময়ের সঙ্গে লড়াইয়ে জিতে। বিশ্বকাপের পর প্রথম মাঠে নেমেই আবার পেলেন চোট। স্ত্রীকে নিয়ে ওমরাহ্ করে আসায় খেলতে পারেননি বিসিএলের প্রথম ম্যাচ। গত মঙ্গলবার ফতুল্লায় খেলেছেন বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে। ওই ম্যাচেই আবার চোট পান হাঁটুতে। তবে এবার ডান হাঁটুতে।
তাৎক্ষণিকভাবে তামিম বুঝতে পারেননি, এই চোটও ভোগাবে, ‘প্রথমে হালকা একটু ব্যথা ছিল। ভেবেছিলাম ঠিক হয়ে যাবে। পরে রাতে বাসায় ফেরার পর দেখি অনেক ফুলে গেছে হাঁটু। এখনো ফুলে আছে। খুব গুরুতর কিছু অবশ্য মনে হচ্ছে না এখনো। পরিস্থিতি বোঝা যাবে পরশু (আগামীকাল)। ডাক্তার বলেছেন, পরশুও যদি ফোলা আর ব্যথা না কমে, তাহলে এমআরআই করাতে হবে।’
হাঁটুর ফোলাটা বেশ বোঝা যাচ্ছিল প্যান্টের ওপর দিয়েও। কষ্ট হচ্ছিল হাঁটতেও। বিশ্রামের কারণে আজ নিজের শহর চট্টগ্রামে বিশ্বকাপ সাফল্যের সংবর্ধনা অনুষ্ঠানেও যেতে পারছেন না তামিম। পাকিস্তান সিরিজ চলে এসেছে দুয়ারে, তাই কোনো ঝুঁকি নিতে চাইছেন না।
তামিমের চোট পাওয়ার ওই ম্যাচেই কুঁচকিতে টান লেগেছে মুমিনুল হকের। পূর্বাঞ্চলের অধিনায়ক কাল খেলতে পারেননি ফাইনালে ওঠার ম্যাচে। তবে তাঁর চোট গুরুতর নয়, খেলার আশা করছেন রোববারের ফাইনালেই।