ব্রেন্ডন ম্যাককালামের বিদায়ক্ষণেই আবারও রাজমুকুট পরল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড অধিনায়ককে ধবলধোলাই উপহার দিয়েই টেস্ট রাজত্ব ফিরে পেল স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া। সমীকরণটা ছিল সরল-দুই টেস্টের সিরিজে ১-০–তে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার ক্রাইস্টচার্চ টেস্টে হারা চলবে না। তাতেই মিলবে সিরিজ ও আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গাটা। অস্ট্রেলিয়া এক নম্বরে উঠল শেষ টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়েই।
ভারতের মাস খানেকের রাজত্ব শেষ করে পতাকা ওড়াল অস্ট্রেলিয়া। গত মাসে শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড সিরিজের পরেই প্রোটিয়াদের হটিয়ে শীর্ষে উঠেছিল ভারত। ২০১৪ সালে জুলাই থেকে টানা ১৮ মাস শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকানরা নেমে গেছে তিনে।
র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে টেস্ট শ্রেষ্ঠত্বের প্রতীক গদাটাও পাচ্ছে অস্ট্রেলিয়া। গদাটা ফিরে পেতে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১ এপ্রিল পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখা। টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে এপ্রিলের আগে আর টেস্ট ম্যাচ নেই। এতেই নিশ্চিত হয়েছে অস্ট্রেলিয়া শীর্ষে থেকেই গদার সঙ্গে পাচ্ছে ১০ লাখ মার্কিন ডলার।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানটা অনেক দিন ধরেই অস্ট্রেলিয়ার দখলে। এবার টেস্টের শীর্ষস্থানও ফিরে পেল তারা। অস্ট্রেলিয়া টেস্ট ও ওয়ানডেতে একই সময়ে সর্বশেষ শীর্ষে ছিল ২০১৪ সালের মে-জুলাইয়ে। কিন্তু দলটি কখনোই টি-টোয়েন্টিতে এক নম্বর হতে পারেনি। অস্ট্রেলীয়দের চোখ এখন সেখানেই। কাল ম্যাচ শেষে দলটির অধিনায়ক বললেন, ‘বিশ্বের এক নম্বর হওয়াটা অবশ্য বিশেষ কিছু। খেলাটার প্রতিটি সংস্করণেই এক হওয়াটাই আমাদের লক্ষ্য।’ কাজটা অবশ্য কঠিন, ২০ ওভারের ক্রিকেটের সর্বশেষ র্যাঙ্কিংয়ে অস্ট্রেলীয়রা আছে আট নম্বরে।
অস্ট্রেলীয়রা অবশ্য বলতে পারে এ আর এমন কঠিন কী। অ্যাশেজ হেরে খাদের কিনারে চলে যাওয়ার পর আমরা কী টেস্টে ঘুরে দাঁড়াইনি। অ্যাশেজের শেষ টেস্ট থেকে শুরু করে টানা নয় টেস্টে অপরাজিত অস্ট্রেলিয়া। এই সময়টায় সাতটি টেস্টেই জিতেছে দলটি, জিতেছে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা তিনটি সিরিজ।
অস্ট্রেলিয়া এবার এক নম্বরে ফিরল ১৮ মাস পর। ২০০৩ সালের জুনে আইসিসি আনুষ্ঠানিকভাবে দলীয় র্যাঙ্কিং চালু করার পর প্রথম ৬ বছর টানা শীর্ষে ছিল অস্ট্রেলিয়াই। ২০০৯ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকার কাছে শীর্ষস্থান খোয়ানো অস্ট্রেলিয়া মাস তিনেকের জন্য আবার এক নম্বরে ফিরেছিল ২০১৪ সালে।
পুরোনো তথ্য-উপাত্ত ঘেঁটে বের করা ঐতিহাসিক র্যাঙ্কিংয়ে অবশ্য ২০০০ সালের এপ্রিল থেকেই টানা ৯ বছর শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। রেকর্ড টানা ১৬ টেস্ট জিতে স্টিভ ওয়াহর অজেয় দলটির এনে দেওয়া রাজত্ব ধরে রেখেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়াও। তথ্যসূত্র: আইসিসি, ক্রিকইনফো, এএফপি।
টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দল (২০০৩ থেকে)
সময়কাল মাস
অস্ট্রেলিয়া জুন ২০০৩-আগস্ট ২০০৯ ৭৪
দক্ষিণ আফ্রিকা আগস্ট ২০০৯-নভেম্বর ২০০৯ ৩
ভারত নভেম্বর ২০০৯-আগস্ট ২০১১ ২১
ইংল্যান্ড আগস্ট ২০১১-আগস্ট ২০১২ ১২
দক্ষিণ আফ্রিকা আগস্ট ২০১২-মে ২০১৪ ২১
অস্ট্রেলিয়া মে ২০১৪-জুলাই ২০১৪ ৩
দক্ষিণ আফ্রিকা জুলাই ২০১৪-জানুয়ারি ২০১৬ ১৮
ভারত জানুয়ারি ২০১৬-ফেব্রুয়ারি ২০১৬ ১
অস্ট্রেলিয়া ফেব্রুয়ারি ২০১৬-