শ্রীনিবাসনের বিদায়ের পর ‘তিন মোড়ল’ নীতি আর নেই আইসিসিতে। কিন্তু তাঁদের চিন্তার ছায়া কি এখনো রয়ে গেল? নইলে কেন আবারও দেওয়া হবে দ্বি-স্তরবিশিষ্ট টেস্টের প্রস্তাব!
হ্যাঁ, অবনমন পদ্ধতি রেখে আইসিসি আবারও সামনে এনেছে দ্বি-স্তরবিশিষ্ট টেস্টের প্রস্তাব। প্রথম স্তরে থাকবে র্যা ঙ্কিংয়ের শীর্ষ সাত দল ও দ্বিতীয় স্তরে শেষ তিন দল। এই তিন দলের সঙ্গে দ্বিতীয় স্তরে যোগ হবে ইন্টারকন্টিনেন্টাল কাপের দুই ফাইনালিস্টও। দুই বছর পর পর র্যা ঙ্কিং অনুযায়ী অবনমনের দল পরিবর্তন হতে পারে।
আগামী ২৭ জুন এডিনবার্গে শুরু হতে যাওয়া আইসিসির বার্ষিক সাধারণ সভায় এ নিয়ে আলোচনা হওয়ার কথা। তাতে দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট কাঠামো অনুমোদন পেলে তা কার্যকর হতে পারে ২০১৯ বিশ্বকাপের আগেই। বর্তমান টেস্ট র্যা ঙ্কিংয়ের শেষ তিন দল ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে। দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট কাঠামো চালু হলে দ্বিতীয় স্তরে তাদের সঙ্গে যোগ হবে ২০১৫-১৭ ইন্টারকন্টিনেন্টাল কাপের শীর্ষ দুই দল।
দুই বছরের চক্রে প্রথম স্তরের দলগুলোর প্রতিটি প্রতিটির সঙ্গে একটি করে টেস্ট সিরিজ খেলবে। সেটি হতে পারে ঘরের মাঠে অথবা প্রতিপক্ষের মাটিতে। দুই বছর পর শীর্ষ দলটি জিতবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। শেষ দল পড়বে অবনমনের ঝুঁকিতে।
কাল ওয়ার্কিং কমিটির সভায় বোর্ড পরিচালকদের আইসিসির নতুন এই প্রস্তাব সম্পর্কে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। পরিচালকেরা এটিকে বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘বিপজ্জনক’ খবরই মনে করছেন। ওয়ার্কিং কমিটির প্রধান এনায়েত হোসেনের ভাষায়, ‘দ্বিতীয় স্তরে থাকলে সম্প্রচার-স্বত্ব থেকে আমাদের আয় অনেক কমে যাবে। তা ছাড়া একবার দ্বিতীয় স্তরে যাওয়া মানে দুই বছর শুধু নিচের দলগুলোর সঙ্গেই খেলা। এটা হলে আমাদের ক্রিকেট সংকটে পড়ে যাবে।’
আইসিসির সভায় এ ব্যাপারে বিসিবির অবস্থান কী হবে, জানতে চাইলে তিনি বলেছেন, ‘সব দিক মাথায় রেখেই এগোতে হবে। সবার সঙ্গে কথা বলে যেটা আমাদের ক্রিকেটের জন্য মঙ্গলজনক মনে হবে, আমরা সে পথেই যাব।’