আবার ধোনির জাদুর ছোঁয়া
আকিলা ধনঞ্জয়ার গুগলিটা বুঝতেই পারেননি বিরাট কোহলি। কাভার ড্রাইভ করতে গিয়ে বোল্ড! অবিশ্বাসী চোখে পিচের দিকে খানিক তাকিয়ে রইলেন। কিন্তু ঘাতক তো আর পিচে লুকিয়ে ছিল না। ‘ঘাতক’ আকিলা ধনঞ্জয়া তখন উইকেটের অন্য প্রান্তে। কোহলির উইকেট পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত, সতীর্থদের সঙ্গে নাচছেন!
রহস্যময় এই স্পিনার কোহলির আগে ফিরিয়েছেন রোহিত শর্মা আর কেদার যাদবকে। ধারাভাষ্যকক্ষে সুনীল গাভাস্কার খুব আফসোস করে বললেন, ভারতের ব্যাটসম্যানরা কি গুগলি খেলতে ভুলে গেল! ড্রেসিংরুমে বসে সবকিছুই দেখছিলেন মহেন্দ্র সিং ধোনি। ‘দ্য ফিনিশার’ হয়তো ভাবছিলেন, যা করার তাঁকেই করতে হবে।
কোহলি আউট হওয়ার পরই উইকেটে এসেছেন ধোনি। অন্য প্রান্তে লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলকেও ‘মৃত্যুর মিছিলে’ যোগ দিতে দেখেছেন। ঘাতক সেই ধনঞ্জয়া। শ্রীলঙ্কানদের তখন কী উচ্ছ্বাস! মাত্র ২৩৬ রানের পুঁজি নিয়েও যে জয়ের সুবাস পাওয়া যাচ্ছে। ওপেনিং জুটিতে ১০৯ রান তোলা ভারতকে ২৩ বছর বয়সী ধনঞ্জয়া এলোমেলো করে দিয়েছেন ১৩ বলে ৫ উইকেট নিয়ে।
পাল্লেকেলের এই ম্যাচের আগের দিনই বিয়ের পিঁড়িতে বসেছেন ধনঞ্জয়া। নববধূকে একটি উপহারই হয়তো দিতে চেয়েছিলেন! কিন্তু উইকেটে যে ছিলেন ‘রান তাড়ার রাজা’ ধোনি। হারিয়ে যাওয়া জাদুর কাঠিটা ফিরে পেলেন মোক্ষম সময়ে। ধোনির দলে থাকা নিয়ে ফিসফাসই শুধু নয়, প্রশ্নই উঠে গিয়েছিল। যুবরাজ সিং নেই, তাহলে তিনি কেন? সবার মুখে একটিই যুক্তি—এই ধোনি আর সেই ধোনি নেই। দ্বিতীয় ওয়ানডের আগের দিনও এটি নিয়ে কথা বলতে হয়েছে কোহলিকে। ধোনির হয়েই ব্যাট করেছেন অধিনায়ক। ১৩১ রানে ৭ উইকেট হারানো ভারতকে ৩ উইকেটের দারুণ এক জয় এনে দিয়ে আস্থার প্রতিদান দিয়েছেন ধোনি।
রান বেশি নয়। ৬৮ বলে অপরাজিত ৪৫, একটি মাত্র চার। তবে উইকেট আঁকড়ে পড়ে থেকেছেন। ৯ নম্বরে নেমে ফিফটি (৮০ বলে ৫৩*) করা ভুবনেশ্বর কুমারকে আগলে রেখে আর পরামর্শ দিয়ে বের করে নিয়েছেন ম্যাচ। সেটা কীভাবে, বলেছেন কুমারই, ‘অন্য প্রান্তে মাহি ভাই (ধোনি) ছিলেন বলেই ভরসা ছিল। আর আমি উইকেটে যাওয়ার পর তিনি পরামর্শ দিয়েছেন, স্বাভাবিক খেলাটা খেলতে। বলেছেন চাপ না নিয়ে টেস্টের ব্যাটিংটা করে যেতে।’
টেস্টের ব্যাটিং করেই ২২.৩ ওভারে অবিচ্ছিন্ন অষ্টম উইকেটে ১০০ রান তুলেছেন ধোনি-ভুবনেশ্বর। সফল রান তাড়ায় অষ্টম উইকেটে সর্বোচ্চ রানের জুটি। তবে ম্যাচসেরা ধোনি বা ভুবনেশ্বরের কেউ নন। সেই পুরস্কারটি উঠেছে ৫৪ রানে ৬ উইকেট নেওয়া সদ্য বিবাহিত ধনঞ্জয়ার হাতে। এএফপি।
রান তাড়ায় রাজা ধোনি
১২০
মুরালিধরনকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশিবার অপরাজিত থাকার রেকর্ড
৯৯.১৬
ওয়ানডেতে সফল রান তাড়ায় কমপক্ষে এক হাজার রান করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ গড়
৩৯
সফল রান তাড়ায় সবচেয়ে বেশিবার অপরাজিত