আবার নিষিদ্ধ স্যামুয়েলস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষায় উতরাতে পারেননি মারলন স্যামুয়েলস। আর সে কারণে আগামী ১ বছর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না ওয়েস্ট ইন্ডিয়ান এই অলরাউন্ডার। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আবারও তাঁকে পেতে হলো আইসিসির নিষেধাজ্ঞা।
এর আগে ২০০৮ এবং ২০১৩ সালেও অভিযুক্ত হয়েছিলেন। প্রথম দফায় নিষিদ্ধ হয়েছিলেন, অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে আবার বোলিং শুরু করেন ২০১১ সালের সেপ্টেম্বরে। দ্বিতীয়বার অভিযুক্ত হওয়ার পর তাঁর দ্রুতগতির বলগুলো নিষিদ্ধ হয়। গত অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে তাঁর বোলিংয়ের পাশে তৃতীয়বারের মতো ‘লাল দাগ’ পড়ে। পরে এ মাসের শুরুতে ৩৪ বছর বয়সী এই অফ স্পিনার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অ্যাকশনের পরীক্ষা দেন। কাল আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বোলিং করার সময় স্যামুয়েলসের কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায়। দুই বছরের মধ্যে দ্বিতীয়বার অভিযুক্ত হওয়ায় স্বয়ংক্রিয়ভাবেই ১২ মাসের নিষেধাজ্ঞায় পড়েছেন স্যামুয়েলস। আইসিসি বিজ্ঞপ্তি।