আবার প্রশ্নবিদ্ধ সানির বোলিং অ্যাকশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোলিং অ্যাকশনের শুদ্ধতার ছাড়পত্র পাওয়ার দুই মাসের মধ্যে আবারও প্রশ্নবিদ্ধ হয়েছে আরাফাত সানির বোলিং অ্যাকশন। বিপিএলে রাজশাহী কিংসের বিপক্ষে গত ২৮ নভেম্বরের ম্যাচে রংপুর রাইডার্সের বাঁহাতি এই স্পিনারের একটি বলের অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন আম্পায়াররা।
বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটি ও বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস কাল জানিয়েছেন, রাজশাহীর ইনিংসের ১৯তম ওভারের প্রথম বলে মেহেদী হাসান মিরাজকে করা সানির আর্মার ডেলিভারিটি নিয়েই প্রশ্ন আম্পায়ারদের। মিরাজ বাউন্ডারি মারলেও আম্পায়ারদের সন্দেহ, ওই বলটাতে অ্যাকশন ঠিক ছিল না সানির।
অ্যাকশন অভিযুক্ত হলেও বিপিএলে বোলিং চালিয়ে যেতে পারবেন সানি। তবে যেহেতু তিনি জাতীয় দলের ক্রিকেটার, টুর্নামেন্ট শেষ হওয়ার ১৪ দিনের মধ্যে বিসিবির রিভিউ কমিটি তাঁর অ্যাকশন বিশ্লেষণ করে দেখবে। তাতেও অ্যাকশন সন্দেহজনক মনে হলে শুরু হবে সানির পুনর্বাসনের কাজ।
ভারতে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাসকিন আহমেদের সঙ্গে প্রশ্নবিদ্ধ হয় আরাফাত সানির বোলিং অ্যাকশন। পুনর্বাসন-প্রক্রিয়া শেষে ব্রিসবেনে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে এসে গত সেপ্টেম্বরে দুজনই পান শুদ্ধতার ছাড়পত্র।
বিপিএলে অভিযুক্ত হওয়ায় তবু কিছুটা বেঁচে গেলেন সানি। এটি আন্তর্জাতিক ক্রিকেটে হলে কঠিন পরীক্ষায় পড়তে হতো তাঁকে। নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের মধ্যে দুবার অভিযুক্ত হয়ে কারও বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে পরের এক বছর বোলিং অ্যাকশনের পরীক্ষাই দিতে পারেন না সেই বোলার।
এর আগে গত ১২ নভেম্বর চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে খুলনা টাইটানসের ওয়েস্ট ইন্ডিয়ান পেসার কেভন কুপারেরও। সেটি এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে জানিয়েও দিয়েছে বিসিবি।