আবার বাংলাদেশে আসছেন রামানায়েকে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রামানায়েকে যখন মাশরাফিদের কোচ। ফাইল ছবি
রামানায়েকে যখন মাশরাফিদের কোচ। ফাইল ছবি

দেশের মাঠে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২৬ জুলাই। তার আগেই চম্পকা রামানায়েকে জানিয়ে দিলেন, তিনি আর শ্রীলঙ্কার বোলিং কোচের দায়িত্বে থাকছেন না। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজকে’ রামানায়েকে জানিয়েছেন, তাঁর হাতে নতুন প্রস্তাব আছে। সেই প্রস্তাব কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে? 

২০০৮ থেকে ২০১০ পর্যন্ত বাংলাদেশের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন রামানায়েকে। বাংলাদেশ ক্রিকেটে দ্বিতীয়বারের মতো এ শ্রীলঙ্কান কোচের যোগ হওয়ার বিষয়টি এখন ‘ওপেন সিক্রেট’। কথা হচ্ছে, এবার তাঁর ভূমিকা কী হবে? গত সেপ্টেম্বর থেকে জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করছেন ক্যারিবীয় কিংবদন্তি কোর্টনি ওয়ালশ। তাঁর সঙ্গে বিসিবির চুক্তি ২০১৯ সাল পর্যন্ত। রামানায়েকেকে তাই দেওয়া হতে পারে হাইপারফরম্যান্স ও অনূর্ধ্ব-১৯ দলের পেস বোলারদের দায়িত্ব। এ-ও শোনা যাচ্ছে, তাঁর অধীনে নতুন করে চালু হতে পারে পেস বোলিং ফাউন্ডেশন।
রামানায়েকের আসার খবর শোনা গেলেও আরেক শ্রীলঙ্কান থিলান সামারাবীরার বাংলাদেশ-অধ্যায় শেষ। বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে তিনি যোগ দিয়েছিলেন গত সেপ্টেম্বরে। তাঁর চুক্তি শেষ হয়েছে গত জুনে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির পরই। বাংলাদেশ দলের নতুন ব্যাটিং পরামর্শক হিসেবে ৭৬টি প্রথম শ্রেণি খেলা অস্ট্রেলীয় ব্যাটসম্যান মার্ক ও’নিলের কথা শোনা যাচ্ছে।
যদিও রামানায়েকে কিংবা নতুন ব্যাটিং পরামর্শকের বিষয় এখনই খোলাসা করতে চাইছে না বিসিবি।