আবার বোমা হামলা, তবুও খেলে যাবে জিম্বাবুয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাহোর গাদ্দাফি স্টেডিয়ামের কাছে বোমা বিস্ফোরণ! আবারও নিরাপত্তা শঙ্কা পাকিস্তানে। ছবি: রয়টার্স
লাহোর গাদ্দাফি স্টেডিয়ামের কাছে বোমা বিস্ফোরণ! আবারও নিরাপত্তা শঙ্কা পাকিস্তানে। ছবি: রয়টার্স

ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কম চেষ্টা করেনি গত ছয়টা বছর। অনেক বুঝিয়ে-শুনিয়ে শেষমেশ রাজি করিয়েছে জিম্বাবুয়ে দলকে। সফরটা ঠিকঠাকই চলছিল। কিন্তু ঝামেলাটা হলো গতকাল, দ্বিতীয় ওয়ানডে চলার সময়। বোমা হামলায় আবারও কেঁপে উঠল পাকিস্তান। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আত্মঘাতী এ হামলায় নিহতের সংখ্যা ২, আহত ৬।

নিহতের মধ্যে রয়েছেন এক পুলিশ সহ–পরিদর্শক ও এক সাধারণ নাগরিক। নিহত পুলিশ কর্মকর্তার নাম আবদুল মজিদ ও নিহত ব্যক্তির নাম রিজওয়ান। ঘটনা ঘটেছে গতকাল রাত নয়টার দিকে, লাহোরের কালমা চক এলাকায়। সেখান থেকে অল্প দূরেই গাদ্দাফি স্টেডিয়ামে চলছিল সিরিজের দ্বিতীয় ওয়ানডে। বোমা হামলাকারী নাকি স্টেডিয়ামের ভেতরেই ঢুকতে চেয়েছিল। কিন্তু নিজ প্রাণ দিয়ে সেই আত্মঘাতী হামলা​কারীর আসল পরিকল্পনা নস্যাৎ​ করে দেন ওই পুলিশ কর্মকর্তা । সেখানেই বিস্ফোরণ! তাতেই দুজনের মৃত্যু।
এ হামলার পর শঙ্কা দেখা দিয়েছিল সিরিজের শেষ ম্যাচটি নিয়ে। শোনা গিয়েছিল, দেশেও ফিরে যেতে পারে জিম্বাবুয়ে। তবে পিসিবির সঙ্গে বৈঠক করার পর জিম্বাবুয়ে আপাতত আশ্বস্ত। আগামীকাল তৃতীয় ওয়ানডেটি তাই হচ্ছে।
ঘটনার পরই পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী নানাভাবে এ খবর ধামাচাপা দিতে চেয়েছিল। প্রথম জানানো হয়েছিল, বোমা নয়, একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়েছে। কিন্তু বেশিক্ষণ খবর চেপে রাখা যায়নি। দ্রুতই চারদিকে ছড়িয়ে পড়ে। অগত্যা পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রসিদ স্বীকার করেন এটা ছিল আত্মঘাতী বোমা হামলা। পারভেজ বললেন, ‘পুলিশের বীরত্বের কারণেই বোমা হামলাকারী স্টেডিয়ামে ঢুকতে পারেনি।’ তিনি দাবি করেন, ‘ঘটনা ঘটেছে ভেন্যু থেকে এক মাইল দূরে, যেখানে নিরাপত্তাবলয় ছিল না।’ মন্ত্রীর মন্তব্যের পরও লাহোর পুলিশের দাবি, ‘এটা ছিল গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ’!
জিম্বাবুয়েকে ট্রান্সফরমার বিস্ফোরণের খবর বুঝিয়েই শান্ত করা হয়েছে বলে একটি সংবাদমাধ্যমের খবরে জানা গেছে। দলের মুখপাত্র লাভমোর বান্দা বলেছেন, ‘শুক্রবার ম্যাচ চলার সময় বোমা বিস্ফোরণের খবর আমরা শুনেছি। জানি না আসলে এটা কী ছিল। আজ বিকেলে আয়োজকেরা এ নিয়ে আমাদের সঙ্গে কথা বলবে। ব্যাপারটা দলের সবাইকে জানাতে আমরা মিটিং করেছি।’
এদিকে পিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, ‘এ ঘটনা সিরিজের ওপর কোনো প্রভাব ফেলবে না। জিম্বাবুয়ে সিরিজ চলবে।’ অবস্থা স্বাভাবিক বোঝাতে তিনি বললেন, ‘ওদের খেলোয়াড়েরা আজ কেনাকাটা করতেও বেরিয়েছে।’ তথ্যসূত্র: এএফপি, ডন।