আবার ব্যাটিংধস পাকিস্তানের
মিসবাহ-উল-হক আশায় বুক বেঁধেছিলেন। একটা ভালো ইনিংস, একটা ভালো ম্যাচ খেললেই বদলে যাবে পরিস্থিতি। পাকিস্তানি ব্যাটসম্যানরা আত্মবিশ্বাস খুঁজে পাবেন, ফিরবেন জয়ের ধারায়। কাল দুবাইয়ের টসে জিতে ব্যাট করতে নেমে যখন আহমেদ শেহজাদ আর সরফরাজ আহমেদের উদ্বোধনী জুটি ১২৬ রান তুলে ফেলল, মনে হচ্ছিল মিসবাহর চাওয়া বুঝি পূরণ হতে চলেছে।
হলো না। বিনা উইকেটে ১২৬ থেকে ৩ বল বাকি থাকতেই ২১৫ রানে অলআউট! একমাত্র টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডের মতো কাল দ্বিতীয় ওয়ানডেতেও আরও একবার ব্যর্থ পাকিস্তানি ব্যাটিং। জবাবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১০ ওভারে ২ উইকেটে ৬৬। খুব নাটকীয় কিছু না হলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা কালই হেরে যাওয়ার কথা পাকিস্তানের।
শেহজাদ (৬১) আর সরফরাজের (৬৫) বিদায়ের পর হঠাৎই যেন দিশেহারা হয়ে পড়েন পাকিস্তানি ব্যাটসম্যানরা। দুই অঙ্কে পৌঁছানোর আগেই আউট ছয় পাকিস্তানি ব্যাটসম্যান। প্রথম ওয়ানডেতে ৩ উইকেট পাওয়া মিচেল জনসন কালও ১০ ওভারে ৪০ রান দিয়ে নিয়েছেন ৩টি উইকেট। টেন ক্রিকেট।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান: ৪৯.৩ ওভারে ২১৫ (শেহজাদ ৬১, সরফরাজ ৬৫, আসাদ ২৯, মিসবাহ ১৫, আকমল ৫, ফাওয়াদ ২০*, আফ্রিদি ২, রিয়াজ ২, রাজা ০, বাবর ৬, ইরফান ০; জনসন ৩/৪০, রিচার্ডসন ১/৪৩, ডোহার্টি ১/৪৪, ফকনার ১/২৭, লায়ন ১/৪০, ম্যাক্সওয়েল ০/১৯)। অস্ট্রেলিয়া: ১০ ওভারে ৬৬/২ (ওয়ার্নার ২৬*, ফিঞ্চ ১৪, স্মিথ ১২, বেইলি ৫*; রাজা ০/২১, ইরফান ১/২৪, বাবর ১/২০)। (অসমাপ্ত)।