আবার ভারতীয় দলে সৌরভ!

খবরটা প্রকাশ পেয়েছে আগেই। ভারতীয় ক্রিকেটের আধুনিক যুগের তিন জীবন্ত কিংবদন্তিকে দেশের ক্রিকেট উন্নয়নে কাজে লাগাতে চাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি আর রাহুল দ্রাবিড়কে তিনটি ভিন্ন ভূমিকার জন্য নাকি এরই মধ্যে প্রস্তাবও দেওয়া হয়েছে। টেন্ডুলকার, দ্রাবিড়ের কাছে দেওয়া প্রস্তাব এখনো ভাবনার পর্যায়ে থাকলেও সৌরভ নাকি এরই মধ্যে রাজি হয়ে গেছেন ভারতীয় ক্রিকেট দলের হাই পারফরম্যান্স ম্যানেজার হিসেবে দায়িত্বভার গ্রহণে। এ ব্যাপারে পারিশ্রমিকসহ চুক্তির বিভিন্ন দিকও নাকি চূড়ান্ত হওয়ার পথে। তবে সৌরভ ঠিক কবে থেকে এই পদে আসীন হচ্ছেন, সেটা অবশ্য এখনো জানা যায়নি।
শচীন টেন্ডুলকারকে প্রস্তাব দেওয়া হয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির উন্নয়নে পরামর্শক হিসেবে কাজ করার। টেন্ডুলকার প্রাথমিকভাবে প্রস্তাবটি গ্রহণ করলেও তিনি এখন বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। তিনি নাকি তাঁর কর্মক্ষেত্র সম্পর্কে আরও বিস্তারিত জানতে চেয়েছেন। দ্রাবিড়ের কাছে যাওয়া প্রস্তাবটি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিভা অন্বেষণ ব্যবস্থাপকের। তবে দ্রাবিড় নাকি এখনো এ ব্যাপারে ইতিবাচক কিছু বলেননি। তিনি জানিয়েছেন, আইপিএল শেষ হওয়ার পর তিনি ব্যাপারটি নিয়ে ভাববেন।
বেশ কিছু দিন ধরেই এই ত্রয়ীকে ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত করার কথাবার্তা চলে আসছে। বিসিসিআই গত মাসের এক বৈঠকে এই তিন ক্রিকেটারকে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত করার নীতিগত সিদ্ধান্তও নিয়ে ফেলে। প্রথমে কথা ছিল তাঁরা একটি প্যানেল হিসেবে ভারতীয় ক্রিকেটের বিভিন্ন টেকনিক্যাল ব্যাপারে পরামর্শক হিসেবে কাজ করবেন। এমনকি ডানকান ফ্লেচারের উত্তরসূরি হিসেবেও উঠে আসে সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়ের নাম। তবে গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ খবর অনুযায়ী এটা নিশ্চিত যে জাতীয় দলের কোচ হিসেবে এঁদের কারওরই নিয়োগ পাওয়ার সম্ভাবনা নেই। সূত্র: পিটিআই।