
মোহাম্মদ মিঠুন কথা রাখতে পারছেন না। ঢাকা প্রিমিয়ার লিগে এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ম্যাচজয়ী ৭৫ রান করেও আক্ষেপ নিয়ে ফিরেছিলেন রূপগঞ্জের উইকেটকিপার ব্যাটসম্যান। সেদিন বলেছিলেন, এরপর থেকে চেষ্টা করবেন ম্যাচ শেষ করেই ফিরতে। কিন্তু তা আর হচ্ছে কই!
রান তাড়া করতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ যে চারটি ম্যাচ জিতেছে, সব কটিতেই ফিফটি পেয়েছেন মিঠুন। টিকে থাকতে পারলে ওই চারটি ফিফটিকেই সেঞ্চুরিতে রূপ দিতে পারতেন। কালই যেমন ফতুল্লায় সিসিএসের বিপক্ষে রান তাড়ায় আরেকটি ম্যাচজয়ী ইনিংস খেলে ৯০ রানে আউট মিঠুন। এবারের লিগে নিজের সর্বোচ্চ ইনিংসটা খেলে মিঠুন যখন এলবিডব্লু হলেন, রূপগঞ্জের জয় তখনো ২৭ রান দূরে। মিঠুন অবশ্য সেঞ্চুরি-টেঞ্চুরি নিয়ে ভাবছেনই না। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে বললেন, দল জিতেছে বলেই ভীষণ খুশি তিনি।
মিঠুন জয়ের মুহূর্তে থাকতে পারছেন না। তবে আসিফ আহমেদ ও আলাউদ্দিন বাবু প্রায় নিয়ম করেই জয় উদ্যাপন করে মাঠ ছাড়ছেন। কালই যেমন ৪৯তম ওভারের দ্বিতীয় বলটিকে ছক্কা বানিয়ে ম্যাচের যতি টানলেন আলাউদ্দিন। উইকেটের ওপাশে তখন ৭৫ বলে ৭২ করে অপরাজিত আসিফ।
রূপগঞ্জ ম্যাচটা জিতেছে মাত্র ১০ বল হাতে রেখে। কিন্তু ইনিংসের শুরুতে কিছুটা সময় বাদে একবারও মনে হয়নি ম্যাচটা তারা হারতে পারে। ফতুল্লার ব্যাটিং স্বর্গে জয়ের লক্ষ্যটা যে ছিল মাত্র ২৪৩ রানের।
রূপগঞ্জের ইনিংসের বয়স ১১ ওভার না-হতেই নেই দুই ওপেনার সৌম্য ও জুনায়েদ। ৮৯ রানে নেই নতুন ভারতীয় ক্রিকেটার ইশাঙ্ক জাগ্গি। সিসিএস ম্যাচে ছিল ওই পর্যন্তই। এরপর চতুর্থ উইকেটে আসিফের সঙ্গে ১২৭ রানের জুটি গড়েই ম্যাচের ভাগ্য গড়ে দেন মিঠুন। তাঁর ১১৪ বলের ইনিংসে ৪টি চারের সঙ্গে ছিল লং অন ও বোলারের মাথার ওপর দিয়ে মারা দুটি ছয়।
এর আগে সিসিএসের ইনিংসের পুরোটাই রাজিন সালেহর গল্প। ইনিংস ওপেন করতে নামা সিসিএস অধিনায়ক খেলেছেন ৫০তম ওভারের শেষ বলটিও। আলাউদ্দিনের করা ওই শেষ ওভারের প্রথম বলটাকে মিড অনে ঠেলে ২ রান নিয়েই লিস্ট ‘এ’ ক্যারিয়ারে নিজের পঞ্চম সেঞ্চুরি পেয়ে যান রাজিন। দুটি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া এই ব্যাটসম্যান ১৩৮ বলের ইনিংসে মেরেছেন ৮টি চার ও স্কয়ার লেগ দিয়ে ১টি ছক্কা।
কালকের এই জয়ে ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তিনে উঠে এল রূপগঞ্জ।
সংক্ষিপ্ত স্কোর
সিসিএস: ৫০ ওভারে ২৪২/৭ (রাজিন ১০৬*, অমিত ৫৬, পিনাক ৩০, সাঈদ ২২; মোশাররফ ৩/৩২, তাইজুল ২/৩৩, হায়দার ১/৪৫)। রূপগঞ্জ: ৪৮.২ ওভারে ২৪৩/৪ (মিঠুন ৯০, আসিফ ৭২*, সৌম্য ২২; সাইফ ৩/৩৮, সাঈদ ১/২৬)।
ফল: রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ মিঠুন।