আবাহনীর সঙ্গে স্থগিত ম্যাচটি যদি আবার হয়, এই আশাতেই হয়তো বিকেএসপিতে কাল লিজেন্ডস অব রূপগঞ্জের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করল প্রাইম দোলেশ্বর।
৭ ওভারে দোলেশ্বর করে ফেলল ১ উইকেটে ৫৪ রান। রনি তালুকদার একটু ঠেকিয়ে খেলতে গেলেই ড্রেসিংরুম থেকে চেঁচিয়ে উঠছিলেন নাসির হোসেন, ‘ঠেকাস কেন, মার, মার!’ আবাহনী-দোলেশ্বর স্থগিত ম্যাচটি যদি হতো এবং তাতে দোলেশ্বর জিতত, তাহলে শিরোপা নির্ধারণে নেট রানরেটের হিসাব চলে আসত। রানরেট বাড়িয়ে নিতেই নাসিরের অমন তাড়া। কিন্তু ম্যাচটি পুনরায়োজন না করে দুই দলকে পয়েন্ট ভাগ করে দিয়েছে বিসিবি। তাতে আবাহনীর চেয়ে ২ পয়েন্ট কম থাকায় ২০১৪-১৫ মৌসুমের মতো এবারও লিগে রানার্সআপ হতে হলো দোলেশ্বরকে।
শুরুতে আক্রমণাত্মক খেললেও পরে কিছুটা ধীরলয়ে এগোয় দোলেশ্বর। তাতেও বড় জয় পেতে অসুবিধা হয়নি তাদের। ২৫.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয়ের তীরে পৌঁছে গেছে বুড়িগঙ্গার ওপারের দলটি।
৬ রানে ওপেনার ইমতিয়াজ হোসেনকে হারালেও দ্বিতীয় উইকেটে রকিবুল-রনি তালুকদারের ৭০ এবং তৃতীয় উইকেটে শচীন বেবি-রকিবুলের ৫৭ রানের জুটিতেই নিশ্চিত হয় দোলেশ্বরের জয়। রকিবুল অপরাজিত থাকেন ৬৬ রানে।
ম্যাচের নায়ক অবশ্য রূপগঞ্জের ব্যাটিং অর্ডার কাঁপিয়ে দেওয়া দোলেশ্বরের পেসার আল আমিন। ২৯ রানে ৩ উইকেট নিয়ে পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। তবে বাঁহাতি স্পিনার রাহাতুল ফেরদৌসও ৩৬ রানে ৪ উইকেট নিয়ে জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।