আবার রাসেল-ঝলক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্দ্রে ডোয়াইন রাসেল
আন্দ্রে ডোয়াইন রাসেল

নেই ডোয়াইন ব্রাভো, নেই কাইরন পোলার্ড। সুনীল নারাইনের ঘূর্ণির রহস্য নেই। ক্রিস গেইল স্বরূপে নেই, মারলন স্যামুয়েলস হারিয়ে খুঁজছেন নিজেকে। ভঙ্গুর ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের প্রথম ম্যাচেই হোঁচট খেল আয়ারল্যান্ডের কাছে হেরে। ক্যালিপসো ছন্দে ছেদ পড়ল কি? আশাভঙ্গের বেদনায় পোড়া ভক্তদের নতুন আশার বাণী শোনালেন একজন। যেন নতুন করে ক্যারিবীয় তানপুরায় সুর তুললেন ২৭ বছরের সে যুবক। পাকিস্তানকে প্রায় একাই গুঁড়িয়ে দেওয়া অলরাউন্ডারের নাম আন্দ্রে ডোয়াইন রাসেল।
ওয়ানডে খেলেছেন ৪৫টি। ম্যাচসেরা পাঁচটিতে। ২০১০ সালে টেস্ট অভিষেক, সেটিই হয়ে আছে শেষ টেস্ট। সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন টি-টোয়েন্টি বিশেষজ্ঞ। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় পদচারণ নিয়মিতই। তবে এবার ওয়ানডের বিশ্বকাপেও নির্বাচকদের বাজি ছিলেন তিনি। বোর্ড-খেলোয়াড়ের দ্বন্দ্ব, চোট, অ্যাকশনজনিত সমস্যার কারণে ক্যারিবীয় দলে সিনিয়রদের বেশ কয়েকজন নেই। প্রধান নির্বাচক ক্লাইভ লয়েড, বলেছিলেন ‘রাসেল আছে না!’ শুনে সেদিন যাঁরা ভ্রু কুঁচকে তাকিয়েছিলেন, সেসব চোখেই আজ বিস্ময়। পাকিস্তানের বিপক্ষে যখন উইকেটে গেলেন, বাকি মাত্র ১৭ বল। রাসেলের জন্য আদর্শ মঞ্চ। জ্বলে ওঠার সুযোগটাও তাই হাতছাড়া করেননি। খেললেন ১৩ বলে ৪২ রানের এক টর্নেডো ইনিংস। পরে বল হাতে যেন নিজের রচিত চিত্রনাট্যের বাকি অঙ্কটা মঞ্চায়িত করলেন। ৩৩ রানে ৩ উইকেট।
ফিফটি বা ৫ উইকেটের মতো কোনো অর্জনও নয়। তবুও ম্যাচসেরা। পরিস্থিতির দাবি মিটিয়ে ঝোড়ো ব্যাটিং আর কার্যকরী বোলিং। আইরিশ দুঃস্বপ্নকে পেছনে ফেলা দারুণ জয়ে তিনিই ক্যারিবিয়ান নায়ক। হ্যাগলি ওভাল যেন রোমান কলোসিয়াম, আর আন্দ্রে রাসেল যুদ্ধজয়ী গ্ল্যাডিয়েটর!
বিচিত্র চুলের ছাঁটে আলোচিত হয়েছিলেন বিশ্বকাপের আগেই। সেই রাসেলে এখন মুগ্ধ সবাই। চুলের ছাঁটের কারণে নয়, মাঠের কারিকুরিতে। ক্রাইস্টচার্চের পর আজ ক্যানবেরা, সামনে সিডনিতে অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপ কি দেখবে আরও রাসেল-ঝলক? ওয়েস্ট ইন্ডিজের কিন্তু একজন রাসেলকেই দরকার!