আবার শীর্ষে সাঙ্গাকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ ডিসেম্বর ২০১৪। অদলবদল হলো আইসিসি টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটা। কুমার সাঙ্গাকারাকে সরিয়ে শীর্ষস্থানটা পুনরুদ্ধার করলেন এবি ডি ভিলিয়ার্স। এক টেস্ট পরেই আবার পরিবর্তন। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে দুইয়ে ঠেলে আবারও এক নম্বর সাঙ্গাকারা। ওয়েলিংটন টেস্টে ডাবল সেঞ্চুরি করেই ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলেছেন লঙ্কান ব্যাটসম্যান। যদিও কেপটাউন টেস্টে ডি ভিলিয়ার্সও খেলেছেন ১৪৮ রানের দুর্দান্ত এক ইনিংস। দুজনের রেটিং পয়েন্টের পার্থক্য মাত্র ১।
তিনে হাশিম আমলা। এক ধাপ এগিয়ে ক্যারিয়ার-সেরা চতুর্থ স্থানে উঠেছেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার অধিনায়ক সিরিজ শুরু করেছিলেন ১৩ নম্বরে থেকে। স্মিথের মতোই সিরিজে চার সেঞ্চুরি করা বিরাট কোহলি ২৭ নম্বর থেকে উঠে এসেছেন ১২ নম্বরে।
বোলিংয়ে যথারীতি এক নম্বর ডেল স্টেইন। পরিবর্তন নেই দুই ও তিনেও। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সবার ওপরে বাংলাদেশের সাকিব আল হাসান। ব্যাটিংয়ে বাংলাদেশের সেরা মুমিনুল হক (২৪তম), বোলিংয়ে সাকিব (১৩)।
দলীয় র্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকাই সবার ওপরে। দুইয়ে অস্ট্রেলিয়া। পরিবর্তন এসেছে পাঁচ, ছয় ও সাতে। শ্রীলঙ্কা ও ভারতকে ছয় ও সাতে ঠেলে পাঁচে উঠে এসেছে নিউজিল্যান্ড।